সফলতা
প্রত্যেকদিন রাত্রে হাতের শিরা কেটে ফেলি। আর গলগল করে শরীরের রক্ত বেরিয়ে যেতে থাকে। ভাবি, এইবার আত্মহত্যা সফল হবে। কিন্তু পরের সকালে অবশ্যম্ভাবী ঘুম ভাঙেই। এভাবে কিছুদিন যেতে না যেতেই, আমি বুঝতে পারি— মৃত্যু আসলে এক স্বপ্নহীন ঘুম। তাই প্রত্যেক সকালে, এই পুনর্জন্ম পেয়ে, আমার মনে হয়— জন্ম এক সহজলভ্য বস্তু। কিন্তু দীর্ঘস্থায়ী মৃত্যু? অগত্যা প্রত্যেকদিন রাত্রে হাতের শিরা কেটে ফেলি ব্লেড দিয়ে। ভাবি, এইবার, ঠিক এইবার…

অভিমান
পুকুরে সাদা হাঁস আসে। দিনশেষে সাদা হাঁস ফিরে যায়। ওই সাদা হাঁস-ই ওই পুকুরের একমাত্র বন্ধু। বাকি সময়টুকুতে ওই নিস্তব্ধ পুকুর, আরও নিঃসঙ্গ হয়ে থাকে। জমে ওঠে অভিমান… এবং অভিমান জমা করতে করতেই একদিন প্রকৃতিও গরম হয়ে ওঠে। শেষমেশ বিস্ফোরণ ঘটে! বছরের সেই উষ্ণতম গ্রীষ্মে, হাঁসেদের খেলা করার জন্য পুকুরে একটুও জল বেঁচে থাকে না…