(Poetry)
১
কে জানলা খোলে সন্তাপের হাতে?
দেখি দুটি ভাঙা ডানা পড়ে আছে।
শূন্য ঘরদোর,
সকালের আলো ঘর জুড়ে খেলে বেড়াচ্ছে,
আনন্দে
তবু এই ঘরে কোনও শিশু নেই
আয়ত চোখে
আমি খালি দেখে যাই
আরও কত শরৎ আসে আর যায়! (Poetry)


২
বেলাশেষে নিজেকে মনে হয়
এক ধ্বস্ত যুদ্ধক্ষেত্র।
মার খেতে খেতে
বেধরক মার খেতে খেতে
কণ্ঠনালী উপড়ে আসে
যাবতীয় শব্দেরা ভেসে গেল অনন্তের দিকে
তুমি মানো আর না-ই মানো
ঘাটের ওই নিঃ:সঙ্গ ডোম
আমার একমাত্র বন্ধু এখন।
একা একা যাই, ওর পাশে গিয়ে বসি, স্বপ্নে…
ও খেয়ে ফেলে দিনান্তের ক্ষত (Poetry)
মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
অলংকরণ- আকাশ গঙ্গোপাধ্যায়