(Poetry)
১
স্নেহ এক রজ্জু
মায়া একটা লিফট
তাতে করে সে আমাকে তুলছে
একবার চিনতে পেরেই
খাদের অতল থেকে আজীবন সে আমাকে তুলছে
আমি কি অদেখা করব এই পৌনঃপুনিক ব্যবহার?
নাকি যে পালকপাখি ঘুরে ঘুরে নেমে আসছে উদ্ভাসিত সকালবেলায়
তাকে বুকে টেনে বলব: থাকো
স্বভাবপ্রকৃতি, তার আলোহাওয়া সহস্ররকম
কিছু দরোজার সাথে কিছু জানালার বোঝাপড়া (Poetry)


২
একটা বিপুলাকার শান্তি উঠেছে আজ
বুদ্ধপূর্ণিমায়
শান্তির চোটে কেউ আর কথা বলতে পারছে না কোনও
যেখানে যার যা ক্রোধ গুটিয়ে কেন্নোর মতো ছোটো হয়ে গেছে
রাগ এখন কেবলমাত্র মার্গসঙ্গীতের
কিন্তু সাধনা শুধু নীরব থাকার
এই অপজ্যোৎস্নায় ভিড় করে আসে হত্যা
কথা নেই, বার্তা নেই, শরীরে ভঙ্গিমা নেই- মিছিল চলেছে
আমিও নিজেকে দেখি সেই মিছিলেই, যে আমার হন্তারক
আমি যে তারই অনুগামী! (Poetry)
৩
দিনের অন্যায়, ভাই রে, দিনাতিদিনের রোষ ভাই রে ভাই
কর্ত্রী বলে দিয়েছেন, কেন তোমাদের এত চাই?
একবার এদিকে তো আরেকবার ওদিকে ঝাঁপাই
অন্যায় নামে না, সেই অন্যায়ের বর্ষজীবী পলি
গা-গতর পুষ্ট করে, দৃষ্টি ছোট হয়ে আসে, ফলে
যে কথা বলাতে চাও শেষমেশ সে কথাই বলি (Poetry)

মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
অলংকরণ- আকাশ গঙ্গোপাধ্যায়