(Atmakatha Barnana)

আত্মকথা
আত্মকথা লিখব বলে যে খাতা খুলেছি আজ, যথেষ্ট ভারী মনে হয়। এত ভার মানুষ বইবে কী করে? আমি তো উটের পিছু পিছু কত রাত কাটিয়েছি সরাইখানায়। যেন ভক্তের বোঝা বয়ে নিয়ে চলেছে মরুদ্যানে। কবেকার সকাল, প্রাচীন বিকেল এবং অপরিমেয় সায়াহ্নগুলি আমি মেধাবী পর্যটন দিয়ে ঢেকে রেখেছিলাম। আজ আত্মকথার ছলে দেখি খুলে গেছে পর্যটন ও বিশ্বাস, উচাটন ও মারণাস্ত্র পৃথক সমীহে। আমি কীভাবে সাজাবো এইসব ছোটখাটো ব্যর্থতাগুলি? আমি কীভাবে দেখাব স্বপ্নদোষে আঁকা ভারতবর্ষের ছেঁড়া মানচিত্র। আমাকে কি দেখা যাবে ওই লোকাল সবুজে? ওই মরুদ্যানে? ওই জলাশয় মরীচিকা অন্বেষণের দিনে? একটি উটের পিঠে আঁকা সব জ্যামিতির পাঠ স্থগিত রয়েছে। কতদিন? স্থগিত রয়েছে ব্যক্তিগত আকাঙ্ক্ষার চশমা ও তৃতীয় নয়ন

ঘর
তোমাকে অনর্থ দেব এই তার প্রিয় উপশম। বারংবার প্রতারণা প্ররোচক এমনই ধর্ম তাহলে। যতখানি বৃক্ষচূড় দেখি তার চেয়ে বেশি তৎপর অসময়, নাবালিকা প্রেম। পথে ও বিপথে কষ্ট পায়। দিবসের শেষে নারীর বুকের ভেতর যেভাবে উনুন ধরেছে অসময়ে, ধারা বরষায়, আমি তার ভালবাসা পর্যাপ্ত জেনেও উপেক্ষা করেছি। এইটুকু প্রতারণা থাক। যেতে যেতে নদীর ভাঙনে অতিকায় প্রেম। ওপারে জেগে ওঠে চর। অক্লান্ত মানুষ গৃহপালিত খুঁজে আনে তন্নতন্ন করে। দিনান্তে বিনুনি খুলে ফের বাঁধে। খড়কুটো জড়ো করে বিকেল সাজায়। তারপর একদিন সন্ধ্যার দিকে দেখি বসে আছে একটি হালুম। প্রেম ও প্রতারণা খোঁপার ফুলে ফুটে ওঠে। তোমাকে অনর্থ দেব পথে-ও-বিপথে। দিকে দিকে মানবজন্মের এই খরা ও উপশম, অব্যর্থ সংকেত। দিগন্ত পেরোনোর আগে যেভাবে ফেলে যেতে হয় পায়ে পায়ে স্মরণীয় কাদা ও ঘাসের সমাহার

ছায়াদীর্ঘ
সরল মেধাবী পাদ্রী ডেকে নিল ঘরে। কেটে দিল ফল। মাখন ও ছুরির ব্যবহারে নিকটবর্তী ফল যেমনটি হয়। সমস্ত সফলতা এভাবেই কেড়ে নেয় বুক থেকে বাঘের সমাজ। কিছুদিন গান চলে। প্রার্থনা সংগীত নদীর মতো বয়ে যায় তলপেটের ভিতর। কবেকার পাখির গান কোনওদিন পৌঁছবে না এই ঘরে। সকল জানালা দ্বার রুদ্ধ রয়েছে। শুধু এক নগ্ন প্রতিকৃতি অমাহীন চেয়ে আছে মানুষের দিকে। এখন অনেক রাত। নদীর ধার থেকে হেঁটে ফিরে এল মাইকেল টুডু। টেবিলে সাজানো রয়েছে অতিপ্রাকৃত এক ফল। ছড়ানো আঁশ থেকে দূরে। আজ ঘুমের আগে চলে যেতে হবে। নির্জন মালগাড়ি, তার ছায়া পড়েছে খ্রিস্টান মঠের দু’পাশে। এই ছায়া জানে অভাব যতটুকু তার চেয়ে প্রেম ছিল বেশি। অনেকদিন পর আজ আকাশ ছেয়ে গেছে দেখি লঘু পাপে। ঈর্ষণীয় দীর্ঘ ভ্রমণ বারবার পা পিছলে চলে যাচ্ছে নদী ও নগ্নিকার কাছে, পুরাতন জীর্ণ ব্যবহারে

ভৌগোলিক
ভূগোল অনিশ্চিত জেনে একটি মেধাবী পাখি ছেড়ে গেল বনের মুহূর্ত। তার ডানা দুটি পৃথিবীকে উপহার দিল। আমি জানি ওই ডানার ভিতর আছে সাইবেরিয়ার বরফ। যোনিদেশের কিংবদন্তি আলো। চটি ও সেফটিপিনের বাইরে থেকে সমর্থন। ও কি জানে মুমূর্ষু মানুষের প্রতীক্ষা ও সংকেত? অথচ মায়ের আহার দিয়ে বেদনাকে জেনেছে একটু একটু করে। তবু মানুষ ছেড়ে যাবার আগে বিছানা কম্বল গোছায়। নিজের ডানা দুটি বেঁধে নেয় বাক্স প্যাঁটরায়। পাখির স্বভাব তাকে রহস্য দিয়েছে, দেয়নি সংকেত। তাহলে এই পৃথিবীর ডানার নিচে খুলে যেত সরাইখানার রাত। উটের গভীর নৃত্য অভিনীত হত হাতের তালুতে। কত দূরে সাইবেরিয়া? কত দূরে ডানা? মানুষ কি কোনওদিন ছুঁতে পারবে গাছের আয়ু দিয়ে ঘেরা ছায়ার পৃথিবী? তার আগে তোমার দিগন্ত নেমে আসে মাথার ভেতর। ডানা ঝাপটায়, কেবলই ডানা ঝাপটায়, পক্ষী ও পান্থনিবাস

বর্ণনা
বর্ণনা অতীত যখন, দৃষ্টিপথ যেটুকু ছলনা, সেইখানে তোমাকে রাখি। দেখি আয়ুরেখা ঘিরে একটি বকুল ফুল ফুটে আছে একা। আমার সমস্ত রাত দূর দেশে ন্যস্ত হয়ে আছে। সামান্য রেলগাড়ি দিয়ে তুমি তাকে খুঁজে পাবে না কোনও প্রান্তিক স্টেশনে। তুমি তুমি তুমি তুমি এই এক শব্দ বিনিময়ে কত যে বিমূর্ত ফুটে ওঠে। পাঠকের সঙ্গী হয় কুহক ও বিনিময় ব্রিজের উপর এক কুকুরের লেজের বিনিময়ে। আমি তার কাছে গচ্ছিত রেখেছি ভোরের উনুন, তীব্র জলস্রোত। ঘটনা ও পরাক্রমগুলি। আজ লজ্জারেখা পার হয়ে কাছে আসি। যেকোনও মায়াপথে খুঁজে নিই চাবি ও সরাইখানার প্রমত্ত বালিকা। তার স্তনে মানুষের প্রথম জ্যামিতি। বাক্যটি রচনা করি। শিথিল বাক্যের ব্যবহারে খুলে ফেলি যৌনতার দিনরাত। অভিজ্ঞতা বলে পুষ্প এভাবেই ফোটে। কামনার ভেতর যেকোনও বর্ণনা তার স্বভাবসিদ্ধ আঁশ ছেড়ে যায়
মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
