(Farokh Engineer Memoir)
তাঁর খেলা দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু পরিচয় আর ঘনিষ্ঠ হওয়ার সুযোগ হয়েছে! ফুটবলের প্রতি আমার কোনওদিনও কোনওরকম আগ্রহ ছিল না এবং এখনও নেই। কিন্তু, ক্রিকেট আমার ভীষণ প্রিয়, বিশেষ করে টেস্ট ক্রিকেট, যা এখন প্রায় দেখাই যায় না।
আরও পড়ুন: স্মৃতির আকাশ থেকে (১), (২), (৩), (৪), (৫), (৬), (৭), (৮), (৯), (১০), (১১), (১২), (১৩), (১৪), (১৫), (১৬), (১৭), (১৮), (১৯), (২০), (২১), (২২), (২৩), (২৪), (২৫), (২৬), (২৭), (২৮), (২৯), (৩০), (৩১), (৩২), (৩৩), (৩৪), (৩৫), (৩৬), (৩৭), (৩৮), (৩৯), (৪০), (৪১), (৪২), (৪৩), (৪৪), (৪৫), (৪৬), (৪৭), (৪৮), (৪৯), (৫০), (৫১)
সেই কারণেই ক্রিকেট খেলোয়াড়দের বিষয়ে আমি শৈশব থেকেই বই পড়েছি আর এখনও পড়ার বা ওঁদের বিষয় জানার সুযোগ হাতছাড়া করি না। অবশ্য বর্তমান ভারতীয় ক্রিকেট দলের সম্পর্কে আমার বিদ্যা সীমিত। খেলোয়ারদের নামগুলো পর্যন্ত ভালভাবে জানি না! হয়তো ক্রিকেট খেলা এবং খেলোয়ারদের বিষয়ে আমি একটু সেকেলে। মুস্তাক আলি, জয়সীমা, ফারুক ইঞ্জিনিয়ার, পাতাউদি প্রমুখের নাম খেলার ব্যাপারে পুরনো মানুষদের কাছে এবং আমার বাবা-মায়ের কাছে শুনেছি।
ওঁরা দুজনেই ক্রিকেট ভালবাসতেন আর সিএবির বার্ষিক সদস্যও ছিলেন। সেই যুগে তো বটেই, এমনকি আমাদের ছোটবেলাতেও দেখেছি শুধুমাত্র শীতকালে টেস্ট ক্রিকেট খেলার আয়োজন হত। এখনকার মতো রঙবেরঙের পোশাক পরে সমস্ত ঋতু নির্বিশেষে বছরভর ক্রিকেট খেলা চলত না। অন্যদিকে, আইপিএল নামক কোনও শব্দ ভারতীয় ক্রিকেট অভিধানে ছিল না।

আমাদের বাড়ির ঠিক উল্টোদিকেই থাকতেন চিত্রনির্মাতা অজয় করের ভাইরাভাই অমল রায়চৌধুরী, যিনি ইডেন গার্ডেনে টেস্ট ক্রিকেট খেলতে আসা ভারতের জাতীয় দলের লোকাল ম্যানেজার হতেন। উনি বাবার বিশেষ পরিচিত ছিলেন, এবং আমাকেও অসম্ভব স্নেহ করতেন।
পুজোর শেষে উত্তরের বাতাসে একটু ঠান্ডা আমেজ এলেই অমলদার বাড়িতে আমার যাতায়াত বেড়ে যেত! কারণ শহরে ক্রিকেটারদের আগমন ঘটলে, আমি যেন ওঁদের কাছে যাওয়া আর ওঁদের থেকে অটোগ্রাফ নেওয়ার মতো মহান ও গুরুত্বপূর্ণ কাজগুলো থেকে বঞ্চিত না হই।
ফারুক ইঞ্জিনিয়ার স্নেহমিশ্রিত কণ্ঠে নাম জিজ্ঞাসা করলেন, এরপর অটোগ্রাফ খাতার একটা পাতায় সই করে দিয়ে হ্যান্ডশেক। ব্যস, আমি তো প্রায় উড়তে উড়তে বাড়ি চলে এলাম।
কলকাতায় ক্রিকেটের সেরকমই এক আনন্দযজ্ঞে গ্রান্ড হোটেলের লবিতে প্রথম ফারুক ইঞ্জিনিয়ারকে দেখি। তখন আমার পরনে হাফ প্যান্ট, হাফ হাতা জামার ওপরে হাফ সোয়েটার আর হাতে অটোগ্রাফ খাতা। প্রচুর নাম শুনেছি। অমলদা আমার হাত ধরে ফারুক ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে গেলেন।
দুজন দুজনকে আগে থেকেই চিনতেন। ফারুক ইঞ্জিনিয়ার স্নেহমিশ্রিত কণ্ঠে নাম জিজ্ঞাসা করলেন, এরপর অটোগ্রাফ খাতার একটা পাতায় সই করে দিয়ে হ্যান্ডশেক। ব্যস, আমি তো প্রায় উড়তে উড়তে বাড়ি চলে এলাম। আসার সময় সারা রাস্তায় অমলদার মুখে ফারুক ইঞ্জিনিয়ারের গুণকীর্তন আর ওঁর উইকেট কিপিং-এর প্রশংসা।

বাড়িতে ফিরে বাবার কাছে ফারুক ইঞ্জিনিয়ারের কথা বলাতে বাবাও উত্তেজিত আর ওঁর খেলার প্রশংসা। বেশ অনেক বছর আগের কথা, তখনই ফারুক ইঞ্জিনিয়ারকে বেশ সুপুরুষ লেগেছিল। এর অনেক অনেক বছর পরে ২০১৯ সালের নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেনে আয়োজিত নৈশ টেস্ট ম্যাচের সময় আবার ফারুক ইঞ্জিনিয়ারের দেখা পেলাম। সেই টেস্ট ম্যাচকে অনেকে আবার পিঙ্ক টেস্ট বলত, এমন বলার কারণ ওই ম্যাচে পিঙ্ক বল ব্যবহার করা হয়েছিল।
ভারতের প্রতিপক্ষ দল ছিল বাংলাদেশ। প্রথম নৈশ টেস্ট ম্যাচ উপলক্ষ্যে বিগত দিনের বহু ক্রিকেটারকে খেলা শুরু হবার আগে সম্মানিত করা হয়। সম্মানপ্রাপকদের দলে ফারুক ইঞ্জিনিয়ারও ছিলেন। টিভিতে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখতে গিয়ে মনে হল, একবার ফারুক ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করি। সোজা চলে গেলাম বাইপাস সংলগ্ন শহরের এক নামি পাঁচতাঁরা হোটেলে। পৌঁছবার কিছুক্ষণ পরেই অবসর নেওয়া ক্রিকেটারদের সবাই একে একে ফিরতে শুরু করলেন হোটেলে।

ফারুক ইঞ্জিনিয়ার এলেন, গিয়ে কথা বললাম। দু-দশক আগের পরিচয়ের কথা সঙ্গত কারণেই বললাম না, কেন না এই বয়েসে পৌঁছে অতদিনকার কথা বিশেষ করে পাঁচ মিনিটের একটা পরিচয় মনে রাখা সম্ভব নয়। কিছুক্ষণ কথা বলার পরে আমার কর্মক্ষেত্র সম্পর্কে জানতে চাইলেন। বললেন একটু অপেক্ষা করতে। উনি নিজের ঘরে গেলেন।
অল্পক্ষণ পরেই ফিরে এলেন। মনে আছে সেদিন ওঁর সঙ্গে গল্প করে হোটেল থেকে ফিরেছিলাম রাত ১২টার কিছু পরে। ক্রিকেট নিয়ে কথা, ইডেন গার্ডেনের অতীত নিয়ে আলোচনা, আবার শর্মিলাদি মানে শর্মিলা ঠাকুরের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে জেনে টাইগার পাতাউদির খেলার প্রসঙ্গে কথা।
এই ট্রাস্টের জন্য অর্থ সংগ্রহ করতে ওঁর ব্যবহার করা ব্যাট, গ্লাভস ইত্যাদি নিলাম করেন মাঝে মধ্যে। ওঁর লেখা জীবনীমূলক বই বিক্রি করে যে অর্থ আসে, সেটাও ট্রাস্টের কাজে ব্যবহার করেন।
দেখতে দেখতে সন্ধেটা কেটে গেল! যতই ওঁকে দেখছিলাম, ভাবছিলাম বিশ্বজোড়া খ্যাতি কিন্তু কত সহজ মানুষ। আসবার সময় জিজ্ঞেস করলেন আগামীকাল কী করছ? অফিস ছিল, কিন্তু কিছুটা দেরিতে গেলেও চলবে জানালে, বললেন, ‘সকালে চলে এস, একসঙ্গে প্রাতঃরাশ করব, গল্পও করা যাবে।’
এমন মানুষের কাছ থেকে এইধরনের একটা প্রস্তাবে কে আর না বলতে পারে! যেন মেঘ না চাইতেই জল। বাড়ি ফিরে এসে প্রহর গুনতে শুরু করলাম। কখন সকাল হবে আর কখন যাব। এমন সুযোগ তো আর সব সময় আসে না। পরদিন গিয়ে দেখলাম, উনি আগের থেকেই প্রস্তুত হয়ে রয়েছেন। সেদিন সঙ্গে আমার কন্যাও গিয়েছিল।

ব্রেকফাস্ট সেরে আবার গল্প শুরু হল। জানতে চাইলেন, সুন্দরবন কীভাবে যাওয়া যেতে পারে এবং ওখানে যাওয়ার পক্ষে কোন ঋতুটা উপযুক্ত। সুন্দরবনের বিষয়ে আমার যতটুকু জানা ছিল, বললাম। এরই মধ্যে আমার কন্যা প্রস্তাব করল ফারুক ইঞ্জিনিয়ারের একটা সাক্ষাৎকার নেবার।
সেটা শুনে উনি হেসে বলেছিলেন, ‘তোমার বাবা সাংবাদিক হয়েও আমার কোনও সাক্ষাৎকার নেবার ব্যাপারে কোনও আগ্রহ দেখাচ্ছে না! আমিই ওকে বারে বারে ডাকছি।’ এই কথা শুনে আমি লজ্জিত হলাম! সত্যি কথা বলতে ওঁর একটা ইন্টারভিউ নেওয়ার কথা আমার একেবারেই মাথায় আসেনি! এরপরই আমার মোবাইল অন করে নানা প্রশ্ন করতে শুরু করলাম।
ওঁর বাবার নাম জিজ্ঞাসা করতে, ফারুকজি বলেছিলেন ডক্টর ইঞ্জিনিয়ার। তাই শুনে শিক্ষক অবাক প্রশ্ন করেছিলেন, ‘উনি একই সঙ্গে ডাক্তার আবার ইঞ্জিনিয়ার?’
ওঁর স্কুলে যাওয়ার প্রথমদিন সম্পর্কে একটা মজার ঘটনা শোনালেন, সেটা হল বোম্বের ডন বস্কো স্কুলে প্রথম দিন ক্লাসে মাস্টারমশাই জিজ্ঞাসা করেছিলেন ফারুক ইঞ্জিনিয়ারকে ওঁদের পরিবার সম্পর্কে।
ওঁর বাবার নাম জিজ্ঞাসা করতে, ফারুকজি বলেছিলেন ডক্টর ইঞ্জিনিয়ার। তাই শুনে শিক্ষক অবাক প্রশ্ন করেছিলেন, ‘উনি একই সঙ্গে ডাক্তার আবার ইঞ্জিনিয়ার?’ তার উত্তরে ফারুকজি বলেছিলেন, ‘আমার বাবা পেশায় সত্যিই একজন ডাক্তার আর ইঞ্জিনিয়ারটা হল ওঁদের পদবী।’

টাইগার পাতাউদির পরিবারের সঙ্গে বেড়াতে যাবার গল্পও করেছিলেন, বলেছিলেন ওঁর শত রানের কথা। আমাকে বললেন, ‘শর্মিলাকে আমার শুভেচ্ছা জানিও।’ ওনার একটা ভিসিটিং কার্ড এনে তার ওপরে সই করে আমার হাতে দিয়ে বললেন, অবশ্যই যেন যোগাযোগ রাখি, একসঙ্গে সুন্দরবন যাওয়ার ইচ্ছেও প্রকাশ করলেন। জানালেন বছরের ১২টা মাস ভাগাভাগি করে লন্ডন এবং বোম্বেতে থাকেন। ওঁর প্রতিষ্ঠা করা চ্যারিটেবেল ট্রাস্টের কথাও বললেন। এই ট্রাস্টের জন্য অর্থ সংগ্রহ করতে ওঁর ব্যবহার করা ব্যাট, গ্লাভস ইত্যাদি নিলাম করেন মাঝে মধ্যে। ওঁর লেখা জীবনীমূলক বই বিক্রি করে যে অর্থ আসে, সেটাও ট্রাস্টের কাজে ব্যবহার করেন।
সেই থেকে হোয়াটস্যাপ কলে এখনও প্রায় কথা হয়। বলেন কলকাতায় এসে সুন্দরবন যাওযার কথা। ক্রিকেট দুনিয়ায় ফারুক ইঞ্জিনিয়ার একজন কিংবদন্তি, সেই শৈশবে দেখা ফারুক ইঞ্জিনিয়ারের সঙ্গে আমার এখনও যোগাযোগের কথা ভাবলে নিজেই অবাক হয়ে যাই!
ছবি সৌজন্য: লেখক
মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
