(Pradip Ghosh Obituary)
বাচিকশিল্পের অন্যতম জনপ্রিয় মানুষ প্রদীপ ঘোষ। সালটা ১৯৭৭ কি ৭৮, কলকাতা দূরদর্শন আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিতে বাবার সঙ্গে রাধা ফিল্ম স্টুডিও সংলগ্ন দূরদর্শনের তৎকালীন অফিসে গিয়েছিলাম। কোন কবিতা পাঠ করেছিলাম আজ আর তা মনে নেই, কিন্তু এইটুকু মনে আছে কবিতাটি ছিল রবীন্দ্রনাথের।
সেই আবৃত্তি প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন প্রদীপ ঘোষ। অডিশন দিয়ে পাশ করেও অনুষ্ঠানে কোনওদিন অংশগ্রহণ করিনি কেন, আজ আর তা মনে নেই। এরপর অনেক অনুষ্ঠানেই ওঁকে দেখেছি। বাবা-মায়ের মধ্যে ওঁর আবৃত্তি নিয়ে আলোচনা শুনেছি।
আরও পড়ুন: স্মৃতির আকাশ থেকে (১), (২), (৩), (৪), (৫), (৬), (৭), (৮), (৯), (১০), (১১), (১২), (১৩), (১৪), (১৫), (১৬), (১৭), (১৮), (১৯), (২০), (২১), (২২), (২৩), (২৪), (২৫), (২৬), (২৭), (২৮), (২৯), (৩০), (৩১), (৩২), (৩৩), (৩৪), (৩৫), (৩৬), (৩৭), (৩৮), (৩৯), (৪০), (৪১), (৪২), (৪৩), (৪৪), (৪৫), (৪৬), (৪৭), (৪৮), (৪৯), (৫০)
বাবার অফিস ছিল গোখেল রোডে ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, সেখানে প্রতি বছর মে মাসের শেষে বা কখনও জুন মাসের প্রথম সপ্তাহে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আয়োজন করা হত। বাবার ওপর ভার পড়ত শিল্পী নির্বাচন করার। প্রতি বছরই বাবা দু-তিনজন শিল্পীকে ঠিক করতেন। সেরকমই একবার প্রদীপ ঘোষকে বাবা অনুরোধ করলেন অনুষ্ঠান করার জন্য।

প্রদীপদা সেবার রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল, দুজনেরই কবিতা পাঠ করেছিলেন। সেই অনুষ্ঠানে বাবা ওঁকে আমার দূরদর্শনে অডিশন দেওয়ার কথা মনে করিয়ে দিয়েছিলেন। আদর করে অনেক প্রশ্ন করেছিলেন, কী জিজ্ঞেস করেছিলেন, তাও এখন আর মনে নেই। বিশিষ্ট নজরুলগীতির শিল্পী ধীরেন বসুর বাড়িতে এক ঘরোয়া অনুষ্ঠানে প্রদীপদার সঙ্গে প্রথম অনেকক্ষণ সময় নিয়ে কথা বলার সুযোগ হয়।
অনেক সময় ওঁর যোধপুর পার্কের বাড়িতে সকালের দিকে চলে যেতাম। বৌদিও আমাদের সঙ্গে যোগ দিয়ে অনেক গল্প করতেন। সেরকমই এক সকালে প্রদীপদা উপহার দিয়েছিলেন, ‘ছুটি’ শীর্ষক একটা ক্যাসেট, যাতে সুচিত্রা মিত্রের গান এবং পাঠ ছিল। সেই ক্যাসেটে যতদূর মনে পড়ে প্রদীপদা রবীন্দ্রনাথের, ‘ছুটি’ গল্পটি পাঠ করেছিলেন, সঙ্গে অন্যান্য কবিতাও পাঠ করেন।

কলকাতা দূরদর্শন থেকে একবার ঠিক করা হল, কথায় ও সুরে গোছের একটা অনুষ্ঠান করা হবে ধীরেন বসুকে নিয়ে। সাক্ষাৎকার নেবেন প্রদীপদা। সেই সময় প্রদীপদার কাছেই শুনেছিলাম যে, নবীন রাষ্ট্র বাংলাদেশের জন্মের পরে কাজী নজরুল ইসলাম যখন বাংলাদেশে গেলেন, তখন কবির জন্মদিনে ওঁকে শ্রদ্ধা জানাতে কাজী সব্যসাচী, কাজী অনিরুদ্ধ, ধীরেন বসু এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর সঙ্গে প্রদীপদাও ছিলেন। বিদ্রোহী কবিকে সামনে থেকে দেখার ও প্রণাম করার অভিজ্ঞতা শুনেছিলাম প্রদীপদার কাছে।
পূট্টাপর্থী পৌঁছে উনি কিছুটা সুস্থ বোধ করলেও আবার কয়েকদিন পর অসুস্থতা বাড়ে। আবার সেই কাশি! ওখানকার সত্য সাই জেনারেল হাসপাতালে ডাক্তার দেখাতে গেলে ওঁদের পরামর্শমতো প্রদীপদাকে দুদিনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। আমি এবং বৌদি পালা করে হাসপাতালে থাকতাম।
একবার আমরা দল বেঁধে পূট্টাপর্থীতে সত্য সাই বাবার আশ্রমে গেলাম। সেই দলে আমাদের পুরো পরিবারের সঙ্গে যোগ দিয়েছিলেন প্রদীপদা ও বৌদি, সত্যজিৎ রায়ের, ‘কাঞ্চনজঙ্ঘা’ ছবির নায়ক অরুণ মুখোপাধ্যায় এবং নায়িকা অলোকনন্দা রায় প্রমুখ। মনে আছে হাওড়া থেকে ট্রেন ছাড়ার পরই তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। ভীষণরকম কাশি শুরু হয়। সঙ্গে বেশ জ্বর ছিল। আমরা হায়দরাবাদ পৌঁছে ওখানে স্থানীয় একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে প্রদীপদার চিকিৎসা শুরু করি।

এরপর পূট্টাপর্থী পৌঁছে উনি কিছুটা সুস্থ বোধ করলেও আবার কয়েকদিন পর অসুস্থতা বাড়ে। আবার সেই কাশি! ওখানকার সত্য সাই জেনারেল হাসপাতালে ডাক্তার দেখাতে গেলে ওঁদের পরামর্শমতো প্রদীপদাকে দুদিনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। আমি এবং বৌদি পালা করে হাসপাতালে থাকতাম। সেবার উনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে, আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। পরে অবশ্য আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন।
কলকাতায় ফেরার পরে বৌদি মাঝে মধ্যেই ওঁদের বাড়িতে যখন সাইবাবার ভজন হত, আমাদের ডাকতেন। প্রদীপদাও যোগ দিতেন। এর কয়েক বছর পরে যখন সত্য সাই বাবার সম্পর্কে আমার লেখা ‘চিরপথের সঙ্গী’ বইটি প্রকাশিত হয়, সেই অনুষ্ঠানে প্রদীপদা বিশেষ অতিথি হয়ে আসেন। ওই বইতে উনি সাইবাবার সম্পর্কে এবং ওঁর সমাজসেবামূলক কাজের বিষয়ে একটা লেখাও লিখেছিলেন।

২০২০ সালে করোনাকালে প্রদীপদা এবং বৌদি দুজনেই চলে গেলেন! কিছুদিন আগে পরে! তখনকার পরিস্থিতিতে শেষ দেখার সুযোগটুকুও ছিল না। অবশ্য সুস্থ স্বাভাবিক অবস্থায় যাঁদের সঙ্গ পেয়েছিলাম, তাঁদের নিথর দেহ না দেখার জন্য কোনও দুঃখ নেই। ২০১৯ সালের শেষের দিকে সঞ্জীব চট্টোপাধ্যায় আমার হাত দিয়ে একটা বই প্রদীপদাকে পাঠিয়েছিলেন। সেটা দিতে প্রদীপদার বাড়িতে শেষবারের জন্য যাই। তখন ভাবিনি সেটাই প্রদীপদার সঙ্গে শেষ দেখা। চলে যাওয়ার পরে স্মৃতিই আমাদের কাছে সম্পদ হয়ে থেকে যায়।
ছবি সৌজন্য: লেখক
মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
