(Rustic Cooking 31)
কার্তিক পেরিয়ে নবান্ন এখন অঘ্রাণে। হেমন্তের দিনে। সেই মায়াময় ছায়াময় হেমন্তের দিন ভেবে ভেবে মাঠের পাশটিতে গিয়ে বসব ভাবি। বসতে গিয়ে দেখি লুটিয়ে পড়া পাকা ধানের গোছাটি জলের তলায় ডুবে গেছে। জেগে আছে কোথাও কোথাও, পায়রা আর মুরগির পাল সেখানে খুঁটে খুঁটে ধান খাচ্ছে সারাদিন।
অন্য সময় হলে গাঁয়ের মানুষদের এসব অসহ্য বোধ হত। অথচ এবারে কী আশ্চর্য নির্লিপ্তি। অসহায় হতে হতে সর্বস্ব খুইয়ে একা হয়ে যাওয়া মানুষের মতো ওদের মুখ। মেঠো পথটি ধরে ওই চলেছে দ্যাখো না! ধীর লয়ে, হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া সাইকেলটিও যেন গতিহারা নদীটির মতো। এমন অঘ্রাণ কি ভাল লাগে!
আরও পড়ুন: বনজ কুসুম: পর্ব – [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১২] [১৩] [১৪] [১৫] [১৬] [১৭] [১৮] [১৯] [২০] [২১] [২২][২৩], [২৪], [২৫], [২৬], [২৭], [২৮], [২৯], [৩০]
এলিয়ে পড়া সোনার ধানে মেঘের ছায়া পড়েছে। কোন সে বিষাদপ্রতিমা যেন। ঠিক যেমনটি ওই আলুবাড়ির জমি! ঝুরঝুরে মাটি খুঁজে পাওয়াই ভার। জলে গোড়ালি ডুবিয়ে দাঁড়িয়ে আছে সর্ষের মাঠের আনোয়ার আলি। সান্ত্বনার ভাষাও এখন বিদ্রুপ বলে মনে হতে পারে ওর। তবুও মানুষেরই জীবন তো! সে হেরে গিয়েও আবার ঘুরে দাঁড়াতে চায়।

ঘরের মানুষের হারটা বালাটা বন্ধক দিয়ে চেষ্টা করে আরেকবার ঘুরে দাঁড়াতে। ইঁট পাথরে গড়া ব্যাঙ্কের উপর গাঁয়ের মানুষের ভরসা কম। চড়া সুদের কারবারির অভাব নেই, মুনাফা অনাদায়ে তারা ঘরে ঢুকে পেতলের ঘটিটা বাটিটাও তুলে নিয়ে যায় শুনেছি। তবুও মানুষের বিশ্বাস ভারী অদ্ভুত। সে যে কাকে আপন ভাবে, সে কথা যুক্তি দিয়ে গুছিয়ে বলা শক্ত।
এই যেমন বিদেশি শাক-সবজির বাজার এখন। কয়েক বছর আগেও মানুষ ভাবতে পারত না মফস্বলের বাজারে ব্রকোলি আর বোতাম ছাতু এমন রমরমিয়ে বিকোবে। ড্রাগন ফল আর অ্যাভকাডো দরাদরি করে কিনবে হাটুরে লোকেরা। কিন্তু এমনটাই ঘটছে। আকছার।
বদলে যাওয়া আঘুনের দিনে গাঁয়ে গাঁয়ে তাই বিয়ের সানাই বাজছে ঘন ঘন। যেমন বাজে। বদলে যাওয়া হেমন্তের মতো বদলে যাওয়া বিয়ের ভোজ।
হেমন্তের দিনে পুকুর বিছিয়ে পানিফলের চাষে মন নেই মানুষের। দাঁতে ছুলে আখ খেতে পারে না ছেলে-ছোকরারা। এই বদলে যাওয়া হেমন্তে ব্রকোলি, আলু আর শিম দিয়ে পাতলা ঝোল রাঁধতে আমারও সাধ যায়। যুগের হাওয়ায় গা ভাসানোর মতো সহজ আর কী আছে! সেই হাওয়া পালতোলা ডিঙি নৌকার মতো নির্ভার বলে বোধ হয় একেকদিন। কিছুতেই কিছু এসে যাওয়ার নয় যেন।
বদলে যাওয়া আঘুনের দিনে গাঁয়ে গাঁয়ে তাই বিয়ের সানাই বাজছে ঘন ঘন। যেমন বাজে। বদলে যাওয়া হেমন্তের মতো বদলে যাওয়া বিয়ের ভোজ। এসব ভোজবাড়ির ভাতের পাতে নিরামিষ ঘ্যাঁটে, ছ্যাচড়ায় কসৌরি মেথির গন্ধ ওই নির্ভার ডিঙি নৌকাটির মতো। এই হেমন্তের বঙ্গদেশে মিঠে চালের ভাতের গন্ধে ওর আর মৌতাত লাগে না তাই।

তবুও মানুষেরই জীবন তো, জলে ডোবা মাঠের পাশটিতে দাঁড়ালে মানুষ ভারাক্রান্ত হয়। ধীর লয়ে সাইকেল ঠেলে ঠেলে ঘরে ফিরে দেখে উত্তরের গাঁ থেকে সম্বন্ধি এসেছে। চটের থলে থেকে বেরিয়ে আসতে চাইছে লাল আলু, লাফা শাকের আঁটি। এমন আলু দিয়ে মুরগির ঝোল রান্না করবে ওর বউ। শিলে পেঁয়াজ বাটছে, মরিচ বাটছে। গাঁয়ের মানুষ সব সময়ে গরম মশল্লার বাস নিতে পারে না। জিরে লঙ্কার গন্ধে মুরগির ঝোল ফুটছে। ভারাক্রান্ত মানুষেরও কী ভীষণ সামাজিক হয়ে ওঠার দায়।
এসব একাকিত্ব হেমন্তের দিনে ফিরে দেখতে দেখতে ক্লান্ত লাগে। গতিহারা নদীর মতোই অনির্দেশ্য এই ধানি জমি, আলুবাড়ি আর ডুবে যাওয়া সর্ষের খেত। নবান্নের দেশে আলপনা আর মারুলির ছায়াদের খুঁজছি তাই। মেঘের ছায়াই তো পড়ে মানুষের মনে। ভরে ওঠা অশ্রুকে আড়াল করতে শেখাও সাবালক জীবনেরই লক্ষণ।

সে জীবন ভাবছে, অবশিষ্ট ধান ঘরে তুলতে হবে। পাকা ধানে মই দেওয়া কি পৃথিবীর শোভা পায়! এই হেমন্তের পৃথিবী— ঝরা কাশ আর কুয়াশার পৃথিবী… সে তো সেই ছেলেবেলা থেকেই শুনছে— ‘যদি বর্ষে আগনে, রাজা যান মাগনে’…তবুও কাস্তে হাতে মাঠে মাঠে মানুষের স্বর জেগে উঠবে কাল পরশু তরশু। চালের কলে জমে উঠবে ভিড়। লবানের চাল কোটাতে হবে না!
ব্রকোলির ঝোল
উপকরণ: ব্রকোলি, আলু, টমেটো, শিম, চাইলে অল্প কচি মুলো, সর্ষের তেল, নুন, হলুদ, অল্প জিরে বাটা, আদা বাটা, গোটা জিরে, কাঁচালঙ্কা

পদ্ধতি: ব্রকোলি ডুমো ডুমো করে কেটে নিন। আলু, শিম, মুলোও কেটে নিন। কড়াইয়ে তেল দিয়ে আলু, শিম, ব্রকোলি সব সাঁতলে তুলে নিন। আবার অল্প তেল দিয়ে জিরে কাঁচালঙ্কা ফোড়ন দিন। জলে গুলে জিরে বাটা, আদা বাটা, হলুদ, নুন দিয়ে মশলা কষান। মশলা কষানো হলে হালকা ভেজে তুলে রাখা সবজি দিয়ে দিন। ঢেকে আরেকটু কষিয়ে জল দিন। বেশ ফুটে এলে কেটে রাখা টমেটো দিন। টমেটো সেদ্ধ হবে, গলবে না। সব বেশ সেদ্ধ হয়ে গেলে আরেকটু কাঁচালঙ্কা দিয়ে রান্না শেষ করুন। গরম ভাতে নিরামিষ ঝোল মন্দ নয়। চাইলে এই ঝোলে মাছও যোগ করতে পারেন।
লাল আলু দিয়ে মুরগির গা মাখা ঝোল
উপকরণ: লাল দেশি আলু, মুরগি, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা, নুন, হলুদ, সর্ষের তেল, তেজপাতা, ধনেপাতা

পদ্ধতি: আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নুন-হলুদ মাখিয়ে সময় নিয়ে নরম আঁচে ভেজে নিন। মুরগিও পরিষ্কার করে নুন-হলুদ অল্প সর্ষের তেল মাখিয়ে রাখুন। তেল গরম করে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিন। ফোড়নের গন্ধ বেরোলে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে কষিয়ে নিন। কাঁচা গন্ধ চলে গেলে জিরে, মরিচ বাটা দিন। কষানো হলে মাংস দিয়ে কষান। তেল ছেড়ে এলে আলু দিয়ে জল দিন। সব সেদ্ধ হয়ে গা মাখা ঝোল হলে অল্প ধনেপাতা, কাঁচা লঙ্কা আর সামান্য সর্ষের তেল ছড়িয়ে রান্না শেষ করুন।
মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
