অন্তিম গাছটা; অনন্ত মরুদ্যান রূখে দাঁড়িয়ে আছে;
বুড়িয়েছে কবিতার শহর, প্রাচীন অরণ্য ফুরিয়েছে।
কবিতার আকাশেও মেঘ নেই, চড়ে শুধু ধোয়া;
শেষ কবিতারও তাই শেষ গাছে এই চিঠি দেওয়া।
হে মহীরুহ;
তোমার প্রশাখা জুড়ে যে প্রাণেরা বাসা বেঁধেছিল,
তোমার ছায়ায় শুয়ে যে কবিরা রাত্রি জেগেছে,
তোমার শেকড় জুড়ে যে ধরণী প্রসবিনী হল
তাদের দোহাই তুমি থামাও এ অন্তর্জলী,
তাদের জন্য ফের কবিতাকে ভরো গাছে গাছে!
এ পৃথিবী কবিতার, সবুজের, মানুষ তো অনুজীবী,
অপত্য, অপক্ক মনে, বীজ বোনে শুধু ক্ষমতার।
তুমি তো আকাশমনা, বাৎসল্যে মেনে নাও সবই,
ওরা বোঝেনি শেষের কথা, বৃক্ষ–কবিতা সমতার।
রুক্ষ কুঠারাঘাতে, এক একটা যুদ্ধ মেয়াদে,
কেড়েছে তোমার বন, পুড়িয়েছে নিজ নিজ গৃ্হ,
মানুষ পূর্ণতা পাক; ভালবাসা, প্রেম, অনুভবে;
শাসনে শুদ্ধ কর, বেঁচে ওঠো শেষ মহীরুহ।
*ছবি সৌজন্য: Pixabay