চলেছো কোন্ দিকশূন্যপুরে, উদাসীন?
দিনের আলো ক্রমে হয়ে আসছে ক্ষীণ।
কোনও ভার রাখবে না ভেবে লাঠির
আগা থেকে নামিয়ে রেখেছো পুঁটুলি।
শুকনো নদী, যতদূর চোখ যায়, ধু-ধু বালি
দুপুর-রোদ্দুর শুষে নিচ্ছে চরাচর।
পায়ের নীচে গুটিয়ে যাচ্ছে ছায়া।
মায়া! কীসের মায়া? কীসের প্রতি টান?
একসময় মনে হয় সব জঞ্জাল;
দু’হাতে যা জড়ো করেছি এতদিন
এবার সব ফেলে যাবার পালা।
পায়ে পায়ে নেই কোনও বাঁধন, নেই
গার্হস্থ্য-জীবনে জোয়ার ভাটার টান।
চলেছ কোন্ দিকশূন্যপুরে, উদাসীন!
ছবি সৌজন্য: Pexels