ক.
আমাদের এই সাদা হয়ে যাওয়া শরীরে খানিকটা রং বেঁচে আছে। শীত এলে তাই দু-হাত দিয়ে ফাটা ঠোঁটকে আরেকটু চিরে, বের করে আনি রক্ত। রক্তের রং লাল। আপেলের রং লাল। শীত এলে আপেলে আপেলে ভরে যায় বাজার। এই উনিশ বছরে এসে জানতে পেরেছিন— লাল খোসার ভিতরে সমস্ত আপেলটাই সাদা। অগত্যা, এইরকম সাদামাটা একখানা জীবনে আমি আর পয়সা দিয়ে আপেল কিনি না৷ ফাটা ঠোঁট চিরে, লাল-লাল আপেলরঙা রক্ত চেটে খাই…
খ.
আপেল, আমি খেতে পারি না। আপেলের কথা উঠলেই আমার সেই কাশ্মীররঙা মেয়েটির কথা মনে পড়ে। যার সম্মতি পাওয়া হল না বলেই, এখনও আপেলে দাঁত বসাতে শিখলাম না আমি…
ছবি সৌজন্য: Needpix