(Autumn vibes)










এবছরের বৃষ্টি ঠিক যেন এক্কেবারে নাছোড়বান্দা। তবুও ফাঁক পেলেই আকাশ নীল হয়ে উঠছে। আর তাতে উড়ে বেড়াচ্ছে শরতের পেঁজা তুলো। বাঁধ, পুকুর, দীঘি, ডোবা জলে টলমল। দ্বারকেশ্বর দুকূল ছাপিয়ে বয়ে চলেছে গত কয়েক মাস ধরে। জলাশয় ভরে উঠেছে পদ্ম শালুকে।
ভ্যাপসা গরমটাও আর নেই। ভোরের দিকে সুন্দর ঠান্ডা হাওয়া। কুয়াশার মাঝে সবুজ ধানখেতে সাদা বকের দল। ঠিক যেন মায়ের ছাপা শাড়ি। টিলা, ডুংরি, আড়কুষা নদীর চর হেসে উঠেছে কাশের মেলায়। আর বুঝতে বাকি নেই, রাঢ় বাংলায় শরৎ এসেছে।