বসন্ত চলে যাওয়া, রোদে পোড়া ক্লান্ত শহরে
রংচটা পার্কবেঞ্চ একা বসে থাকে
বন্ধ গ্যারেজ পেরিয়ে হেঁটে যায় বিস্মৃত ছায়া
ময়দান এলাকা চিরে চলে যায় ট্রাম
ফাঁকা ট্রামের উদাসীনতা নিয়ে পড়াশোনা ছিল একদিন
কোনও একদিন
পড়াশোনা করতে করতেই আমরা বুঝেছিলাম –
স্টুডিয়াস মেয়েদের চোখ থেকে চশমা খুলে নিলে
তারা রাধাচূড়া গাছ হয়ে যায়
বৈশাখ দুপুরের নির্জন অস্থিরতায়
সূর্যের চুম্বনে রাস্তার পিচ গলে যায়
দূরের অদৃশ্য কারখানা থেকে ভেসে আসে বিষণ্ণ সাইরেন
রাধাচূড়া গাছ শেষ কবে দেখা গেছে দুনিয়ায়?
ছবি সৌজন্য: Pixabay