শান্তিপাঠ করো। শান্তি নাভিশ্বাস ফ্যালে।
অক্ষর চিনেছ। শান্তি অক্ষরের মুখ—
তোমাকে বলেনি কেউ। ফের বৃথা গেল
হোমাগ্নি, ঘি-এর দাহ, মহাশূন্যে ধোঁয়া।
শান্তিপাঠে ভুল হয়। ভ্রমের ফোয়ারা
ছেটায় শোকের রজঃ। ফের কামাতুর
হয়েছে আদিম পুং। ভয়ে মাদি পশু
দিগ্বিদিক জ্ঞানশূন্য; তিরবেগে ছোটে।
শান্তিপাঠ হয়। হয় পূর্ণ পূর্ণে স্থিত।
অথচ এখনও শান্তি নাভিশ্বাস ফ্যালে।
মরণ শিয়রে ব’সে। ও শান্তি, তাকাও!
*ছবি সৌজন্য: PxHere