যতকিছু অস্তমিত, ডুবিয়েছি কোপাইয়ের জলে
চাঁদের রাশ্মি ছাড়া কী মনে রাখার মতন আছে?
সিলভার জামদানি আর ওই চেয়ে থাকা মেয়ে
আজো কী আলোর নিচে বসে আছে তরুছায়া হয়ে?
মায়া সে তো মায়া নয় সে তো এক পথ চলা ভুল
কতকি শিখিয়েছিল কত যে তো পাল্টে দিল দিক
তবুও তো চেনা মন ধরা দেয় নাবালিকা হয়ে
ওপরে দেখেছ যাকে, ভেতরে সে হাসে ফিকফিক
এমনিতো কথা ছিল বিষাদের দেখা হলে পরে
ঢেউগুলো মিশে যায় একসাথে একাকার হয়ে
তুমিও যেমন আজ দাঁড়িয়েছ নিঃস্বের মতো
দুহাতে আকাশ নেই, তবুও তা বাড়িয়েছি খুলে
আমিও তো হারিয়েছি। কিসের বাঁধনে তবু বেঁধে?
রাখালের মতো পথে উড়িয়েছি ধুলোবালিকণা
রাতের আড়ালটুকু শুধু সেই কাঙালের ছিল
দিনের আলোয় যার পথচলা বড়ো আমমনা
যতকিছু কেড়ে নাও, দিয়ে দেব, এইটুকু ছাড়া
নিঃস্ব মনের কাছে মুখোমুখি দাঁড়িয়েছে যারা…
*ছবি সৌজন্য: Doodlewash
One Response
ভালো লিখেছেন