শতাব্দী গত বুঝি, রাত্রি ছিল শব্দ প্রসবিনী,
সঙ্গবিলাসী রাতে, কবিতাই প্রেম সঙ্গিনী।
সে প্রেম কল্লোলিনী, কবির আদরে দিশেহারা;
জ্যোছনা মোড়ানো ছাদে চোখে তার মৃদু আশকারা।
যে রাত একাকী, যার ফুটপাথে শহর জেগেছে;
আকন্ঠ চুম্বন হোমে যে রাতের দহন মিশেছে;
সে রাতে বৃষ্টি ছিল, মেঘ বুকে, শরীরে আকাশ;
কবিতাই জানে শুধু, অভিমানী কত পরবাস।
এখন মাঝ বয়েস, রাত তুমি ঘুমের পাহারা,
তোমার শরীর জুড়ে জেগে থাকে শুধু কবিতারা।
*ছবি সৌজন্য: Pixabay