বনের মাঝে, বনের পথে
এক্কাদোক্কা খেলা,
একটি মেয়ে স্বপ্ন দেখে
সারা দুপুরবেলা।
শাল, মহুল, কেন্দ তলে
নানা মনের দোলা
কাশবনে তার ফোকলা হাসি
মনের দুয়ার খোলা।
খেলার পুতুল ভাদুটুসু
বারমাইস্যা গান
রাতের বেলা ঝুমুর হবে
মায়ের নাড়ীর টান।
একটি ছেলে স্বপ্ন দেখে
লালমাটির দেশে
এক পৃথিবী হাতের মুঠোয়
রাজপুত্তুর বেশে।
ছৌনাচের মুখোশ পরে
ঢাল-তলোয়ার হাতে
মনের সুখে যুদ্ধ করে,
স্বপ্ন মনে গাঁথে।
এক স্বপ্ন, দুই স্বপ্ন
স্বপ্ন আরও নানা
তোমারও ভাই স্বপ্ন দেখতে
কেউ করেনি মানা।
ছবি সৌজন্য: Facebook