ফেরাও যদি ফিরব না তো মোটে
চোখ রেখেছি দগ্ধ হব বলে
যতই তুমি চুপটি করে থাক
থাকব আমি ধৈর্য্যে বুক বেঁধে
কেন এমন মাঝেমাঝেই হয়?
চলতে গিয়ে হোঁটচ খাই পথে
এই ভাবি যে সামনে তার দোর
আবার এসে দাঁড়ায় সে শহর!
শহর যেন কুয়াশাময়। ভিড়
হারিয়ে যাই ঝাপসা হতে হতে
ভিড়ের মাঝে হঠাৎ যদি দ্যাখো
বলবে কথা? বন্ধু অজুহাতে?
সেসব বড় পুরনো অভিনয়
আমি তোমায় কবিতা হয়ে লিখি
পারবে যদি মেনে নিও সেদিন
এই আকাশে আমরা সেই পাখি
যাদের শুধু আকাশ জুড়ে বাড়ি
ঝগড়া আছে, নেই তো ছাড়াছাড়ি!
*ছবি সৌজন্য: Pexels