(Prabir Sen 100)
১৯৪৪ সালে, হোলকারের বিরুদ্ধে রঞ্জি-ম্যাচে বাংলার হয়ে করেছিলেন ১৪২ রান। আবার ওই বছরেই রঞ্জি ট্রফির ফাইনালে ওয়েস্টার্ন ইন্ডিয়ার বিরুদ্ধে করেন অনবদ্য ৬১। আর উইকেটরক্ষা নিয়ে তো কিছু বলারই ছিল না। ফলে, তখন তিনি ছিলেন একজন দারুণ সম্ভাবনাময় ক্রিকেটার। সেদিক থেকে দেখলে, ১৯৪৬-এর ইংল্যান্ড সফরেই তাঁর ভারতীয় দলে জায়গা পাওয়া উচিত ছিল, যে শিকে ছিঁড়ল পরের সফরে।
১৯৪৭-৪৮ সালের অস্ট্রেলিয়া দলটি ছিল, সে দেশের ক্রিকেট ইতিহাসের নিরিখে সর্বকালের অন্যতম সেরা। ব্র্যাডম্যান, হ্যাসেট, হার্ভে, লিন্ডওয়াল, মিলার, জনস্টনের মতো একের পর এক নক্ষত্রখচিত। এরকম একটি শক্তিশালী দলের কাছে সেবারে সিরিজ হারলেও, সদ্য স্বাধীন হওয়া ও দেশভাগে জর্জরিত একটি দেশ হিসেবে ভারত, ওই সিরিজে যে অসামান্য লড়াইয়ের নিদর্শন রাখতে পেরেছিল, তা প্রশংসিত হয়েছিল গোটা বিশ্বে।
আরও পড়ুন: জন্মশতবর্ষে প্রথম বাঙালি টেস্ট ক্রিকেটার – ১ম পর্ব
অস্ট্রেলিয়ার প্রেস উচ্ছ্বসিত হয়ে উঠেছিল ভারতীয় দলের পারফরম্যান্সে। যার মধ্যে যেমন ছিল লালা অমরনাথের ক্ষুরধার অধিনায়কত্ব, বিজয় হাজারের অসামান্য ব্যাটিং প্রদর্শন, অলরাউন্ডার ভিনু মানকড়ের ব্যাটে-বলে দুর্দান্ত ক্রীড়া-নজির, তেমনি আলাদা করে উঠে এসেছিল খোকন সেনের দক্ষ উইকেটকিপিং-এর কথাও। পার্থ থেকে প্রকাশিত ‘দ্য ডেইলি নিউজ’-এ একটি সাক্ষাৎকারও বেরিয়েছিল তাঁর।
ব্র্যাডম্যান তাঁর আত্মজীবনীতেও উল্লেখ করেছেন খোকন সেনের কথা। তাঁর খুব প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন এই বাঙালি ক্রিকেটার। খেলা ছাড়ার পর, ব্র্যাডম্যান একবার যখন অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ড গিয়েছিলেন ‘ডেইলি মেইল’-এর হয়ে অ্যাসেজ সিরিজের ম্যাচ রিপোর্টের জন্যে, তখন যাত্রার মাঝপথে তাঁর বিমান জ্বালানি নিতে কিছুক্ষণের জন্যে কলকাতার মাটি ছুঁয়েছিল। দিনটা ছিল ১৯৫৩ সালের ৩রা জুন। সেবার বিমানবন্দরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন খোকন সেন। প্রসঙ্গত, সারাজীবনে ওই একবারই ভারতে পদার্পণ ঘটেছিল গ্রেট ডনের।

১৯৪৭-৪৮ সিরিজ চলাকালীন লালা অমরনাথের কাছে তাঁর অধিনায়কত্বের প্রশংসা করার পাশাপাশি সদ্য স্বাধীনতা লাভের জন্যে অভিনন্দন জানিয়েছিলেন ব্র্যাডম্যান। সঙ্গে বিস্ময় প্রকাশ করেছিলেন, চরম সমস্যায় থাকা একটি দেশের পক্ষে এরকম দল গঠন ও এতদূরে এসে সবাই এক হয়ে ভাল ক্রিকেট উপহার দেওয়ার ব্যাপারেও।
এই সিরিজের চতুর্থ ও পঞ্চম টেস্টের মাঝামাঝি সময়ে (৩১শে জানুয়ারি, ১৯৪৮), দেশ থেকে খবর এসেছিল, মহাত্মা গান্ধী আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছেন। ফলে, বোঝাই যাচ্ছে, কী পরিমাণ মানসিক চাপ নিয়ে খেলতে হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের, যাঁর মধ্যে ছিলেন বাংলার খোকন সেনও।
১৯৫১-৫২ সালে হাওয়ার্ডের নেতৃত্বে ভারত সফরে এসেছিল ইংল্যান্ড দল। এই সিরিজের পাঁচটি টেস্ট ম্যাচের মধ্যে খোকন সেন খেলেছিলেন তৃতীয় (কলকাতা) ও পঞ্চম টেস্টে (চেন্নাই)। আর চেন্নাইয়ের চীপকেই ইংল্যান্ডকে এক ইনিংস ও ৮ রানে হারিয়ে প্রথমবার টেস্টজয়ের স্বাদ পেয়েছিল ভারত।
অসাধারণ উইকেটরক্ষকের পাশাপাশি একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যানও ছিলেন খোকন সেন। তাছাড়া, বলও করতে পারতেন। দেশ-বিদেশ মিলিয়ে মোট ১৪টি টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি। সেখানে ব্যাট হাতে সেরকম কিছু করতে না পারলেও, উইকেটকিপিংয়ে যথেষ্ট দক্ষতা দেখিয়েছিলেন। ১৪টি টেস্টে তিনি মোট ৩১ জনকে প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন, যার মধ্যে ছিল ২০টি ক্যাচ ও ১১টি স্টাম্প। আর ব্যাটে রান ছিল মোট ১৬৫। টেস্টে ভারতের প্রথম জয়ের তিনি ছিলেন অংশীদার। শুধু তাই নয়, এ ব্যাপারে তাঁর যথেষ্ট ভূমিকাও ছিল।
১৯৫১-৫২ সালে হাওয়ার্ডের নেতৃত্বে ভারত সফরে এসেছিল ইংল্যান্ড দল। এই সিরিজের পাঁচটি টেস্ট ম্যাচের মধ্যে খোকন সেন খেলেছিলেন তৃতীয় (কলকাতা) ও পঞ্চম টেস্টে (চেন্নাই)। আর চেন্নাইয়ের চীপকেই ইংল্যান্ডকে এক ইনিংস ও ৮ রানে হারিয়ে প্রথমবার টেস্টজয়ের স্বাদ পেয়েছিল ভারত। এই টেস্টে ইংল্যান্ডের অধিনায়কত্ব করেছিলেন ডোনাল্ড কার। কারণ, হাওয়ার্ড সেই ম্যাচে খেলেননি। ভারতের অধিনায়ক ছিলেন বিজয় হাজারে। চীপকে ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ২৬৬ রান। ভিনু মানকড়ের বিষাক্ত স্পিন বোলিংয়ে পর্যুদস্ত হয়েছিল তারা। মাত্র ৫৫ রানে ৮টি উইকেট দখল করেছিলেন তিনি।

এর মধ্যে খোকন সেনের দস্তানা-দক্ষতায় আউট হয়েছিলেন ডোনাল্ড কার, গ্রেভনি, হিলটন ও স্ট্যাথাম। অর্থাৎ, স্টাম্প। এটি রেকর্ড হিসেবে ছিল অনেকদিন অবধি। এর অনেক পরে, ১৯৮৭-৮৮ সিরিজে চেন্নাইয়ের চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচজন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানকে স্টাম্প করে, খোকন সেনের রেকর্ড ভেঙেছিলেন ভারতেরই কিরণ মোরে।
চীপকের সেই খেলায় ব্যাট করতে নেমে, ভারত করে ৪৫৭ রান। সেখানেও ছিল আরেক বঙ্গসন্তান পঙ্কজ রায়ের অসামান্য ১১১! ইনিংসের অপর সেঞ্চুরিটি করেছিলেন পলি উমড়িগড় (১৩০)। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮৩ রানে মুড়িয়ে যায় ইংল্যান্ড। এবার মানকড়ের সঙ্গে জ্বলে উঠেছিলেন ডানহাতি অফ স্পিনার গোলাম আহমেদও। দু’জনেই নিয়েছিলেন চারটি করে উইকেট। এই ইনিংসেও হিলটনকে স্টাম্প করেছিলেন খোকন সেন। বোলার সেই মানকড়।
টেস্টজীবন শেষ হয়ে গেলেও, খোকন সেন ১৯৫৭-৫৮ সাল অবধি বাংলা ও পূর্বাঞ্চলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন। উইকেটরক্ষার পাশাপাশি এই স্তরের খেলাতে ব্যাটেও তিনি যথেষ্ট দক্ষতা দেখিয়েছিলেন, যার মধ্যে হোলকার, বিহার, উড়িষ্যার বিপক্ষে তাঁর কয়েকটি শতরানের ইনিংসও আছে।
১৯৫২-৫৩ সালে দেশের মাটিতে পাকিস্তানের সঙ্গে দিল্লিতে সিরিজের প্রথম ম্যাচে দ্বিতীয়বার টেস্ট জয় পায় ভারত। পাকিস্তান হারে এক ইনিংস ও ৭০ রানে। সেই খেলাতেও উইকেট রক্ষায় ছিলেন খোকন সেন। অর্থাৎ, ভারতের প্রথম দু’বারের টেস্টজয়ী দলেই ছিলেন তিনি। এই সিরিজেরই পঞ্চম তথা শেষ ম্যাচে শেষবারের মতো টেস্ট খেলেন খোকন সেন। খেলা হয়েছিল তাঁর নিজের জায়গা ইডেনে।
টেস্টজীবন শেষ হয়ে গেলেও, খোকন সেন ১৯৫৭-৫৮ সাল অবধি বাংলা ও পূর্বাঞ্চলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন। উইকেটরক্ষার পাশাপাশি এই স্তরের খেলাতে ব্যাটেও তিনি যথেষ্ট দক্ষতা দেখিয়েছিলেন, যার মধ্যে হোলকার, বিহার, উড়িষ্যার বিপক্ষে তাঁর কয়েকটি শতরানের ইনিংসও আছে। রঞ্জিতে তাঁর সর্বোচ্চ রান হল ১৬৮। ১৯৫১-৫২ সালে বিহারের বিরুদ্ধে জ্যোতিষ মিত্রের সঙ্গে নবম উইকেটের জুটিতে যোগ করেছিলেন ২৩১ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে খোকন সেনের মোট রান ১৭৯৬। আর উইকেটকিপার হিসেবে কীর্তির কথা তো বলাই বাহুল্য। তবে, এখানেও তিনি ঘটিয়েছিলেন এক অদ্ভুত কাণ্ড। তবে সেটি উইকেটকিপার বা ব্যাটসম্যান হয়ে নয়― বোলার হিসেবে।

১৯৫৪-র ১৮ ডিসেম্বর কটকে শুরু হয়েছিল বাংলা বনাম উড়িষ্যার রঞ্জি ট্রফির খেলা। সে খেলায় খোকন সেন খেলেছিলেন একজন সাধারণ খেলোয়াড় হিসেবে। উইকেটকিপিং করেছিলেন গোপাল চক্রবর্তী এবং সেটিই ছিল তাঁর প্রথম রঞ্জি ম্যাচ। সেই ম্যাচে খোকন সেনের করা পরপর তিনটি বলে আউট হয়েছিলেন উড়িষ্যার রাম শাস্ত্রী, তামাইয়া শাস্ত্রী ও নিমাল পাধি। প্রথমজন স্টাম্প, পরের দু’জন বোল্ড।
বাংলার হয়ে বোলিং-এ খোকন সেনের আগে একমাত্র টম লংফিল্ডের হ্যাট্রিক ছিল। পাশাপাশি একই সঙ্গে, উইকেটকিপার হিসেবে যিনি স্বীকৃত, সেরকম একজন ক্রিকেটারের প্রথম শ্রেণির ক্রিকেটে বোলিংয়ে হ্যাট্রিকের নজির প্রথম গড়েছিলেন খোকন সেনই। এর ১১ বছর পরে, ১৯৬৫ সালে, ইংল্যান্ডে একটি কাউন্টি ম্যাচে ওয়ারউইকসায়ারের উইকেটকিপার অ্যালান স্মিথ এসেক্স-এর বিরুদ্ধে খেলায় বল করে একই ঘটনা ঘটান।
প্রবীর তথা খোকন সেনের টেস্টজীবন যে আরও দীর্ঘায়িত হওয়া উচিত ছিল, এ কথা অনেকেই বলেন এবং তা যুক্তিসঙ্গতও বটে। তবে তিনি কিছুটা অবিচারের শিকার ছিলেন।
১৯৭০ সালের ২৬শে জানুয়ারি কালীঘাট মাঠে শেষবারের জন্যে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচে মাঠে নেমেছিলেন খোকন সেন। আর তার পরেরদিনই, অর্থাৎ ২৭শে জানুয়ারি আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন। বয়স তখন তাঁর মাত্র ৪৪।
প্রবীর তথা খোকন সেনের টেস্টজীবন যে আরও দীর্ঘায়িত হওয়া উচিত ছিল, এ কথা অনেকেই বলেন এবং তা যুক্তিসঙ্গতও বটে। তবে তিনি কিছুটা অবিচারের শিকার ছিলেন। তাঁর সম্পর্কে খতিয়ে দেখলে বোঝা যায়, সহজাত প্রতিভাসম্পন্ন খোকন সেন ছিলেন স্বতস্ফূর্ত চেতনায় গড়া। এক ধরনের রুটিন-বহির্ভূত চরিত্র তিনি।

অতিরিক্ত অনুশীলন, পরিশ্রম ইত্যাদির দিকে খুব একটা ঝোঁক বোধহয় ছিল না তাঁর। হৈ-হুল্লোড় করে, খোলা মেজাজে থাকতে ভালবাসতেন। কিন্তু গ্লাভস পরে উইকেটের পিছনে দাঁড়ালেই অন্য মানুষ। ক্রিকেট-কুসুম ফোটাতেন তখন।
খোকন সেন সম্পর্কে প্রবীণ ক্রীড়া সাংবাদিক শ্যামসুন্দর ঘোষকে প্রখ্যাত ক্রিকেটার দাত্তু ফাদকার যা বলেছিলেন, তা অত্যন্ত প্রণিধানযোগ্য― ‘খোকন সেন নিঃসন্দেহে উঁচুদরের উইকেটরক্ষক, তবে টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন ধরে খেলতে হলে যে একাগ্রতা ও নিজেকে আরও ভালভাবে তৈরি করার প্রচেষ্টা থাকা উচিত, খোকন সেনের আচরণে তার প্রমাণ বিশেষ মিলত না। খোকন হৈ-হুল্লোড় করতে ভালবাসতেন। তবে মাঠের মধ্যে সদাসতর্ক দৃষ্টি রাখতেন ব্যাটসম্যানের দিকে।’
জন্মশতবর্ষে পৌঁছনো প্রথম বাঙালি টেস্ট ক্রিকেটার প্রবীর (খোকন) সেন আজ হয়তো কিছুটা কম আলোচিত ব্যক্তিত্ব। তাঁর নামে চলা ‘পি. সেন মেমোরিয়াল ট্রফি’-র মধ্যে দিয়ে সিএবি তাঁকে যেটুকু মর্যাদা দিয়েছে, তা অবশ্যই অভিনন্দনযোগ্য। তবে এর চেয়েও আরও একটু বেশি মর্যাদা বোধহয় তাঁর প্রাপ্য ছিল।
শ্যামসুন্দর ঘোষের মতে, খোকন সেন কিন্তু নিজের খেলার জীবন নিয়ে খুবই পরিতৃপ্ত ছিলেন। তিনি শ্যামসুন্দরবাবুকে যা বলেছিলেন, সেটাই বোধহয় ছিল খোকন সেনের অন্তর-উৎসারিত ক্রিকেটীয় সারকথা― ‘দেখ, খেলোয়াড় জীবনে যা আমার স্বপ্ন ছিল, তা সফল হয়েছে। বরং বলতে পারি বাড়তি লাভ। ভারতের প্রথম দুটি টেস্ট জয়ের সঙ্গে নিজের নাম যুক্ত করার সৌভাগ্য, আর পেরেছি বিশ্ব ক্রিকেটে সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় ব্র্যাডম্যানকে স্টাম্প আউট করতে।’
জন্মশতবর্ষে পৌঁছনো প্রথম বাঙালি টেস্ট ক্রিকেটার প্রবীর (খোকন) সেন আজ হয়তো কিছুটা কম আলোচিত ব্যক্তিত্ব। তাঁর নামে চলা ‘পি. সেন মেমোরিয়াল ট্রফি’-র মধ্যে দিয়ে সিএবি তাঁকে যেটুকু মর্যাদা দিয়েছে, তা অবশ্যই অভিনন্দনযোগ্য। তবে এর চেয়েও আরও একটু বেশি মর্যাদা বোধহয় তাঁর প্রাপ্য ছিল। একটি মাত্র সিরিজে যাঁকে দেখে ক্রিকেটের রাজাধিরাজ মুগ্ধ হয়েছিলেন, সেই প্রথম বাঙালি টেস্ট ক্রিকেটারের কি তাঁর নিজের দেশে আরেকটু সম্মান প্রাপ্য ছিল না? বিশেষ করে জন্মশতবর্ষে!
চিত্রঋণ: আন্তর্জাল
তথ্যঋণ:
১) ‘টেস্ট ক্রিকেটে বাঙালি’ – শ্যামসুন্দর ঘোষ
২) ‘A History of Indian Cricket’ – Mihir Bose
৩) ‘The Great Indian Cricket Circus’ – Abhishek Mukherjee & Joy Bhattacharjya
মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
