(Jibanananda Das)
কাউকে ভালোবেসেছিলাম জানি
তবুও ভালোবাসা,
দুপুরবেলার সূর্যে ভোরের শিশির
নেমে আসা,
ভোরের দিকে হৃদয় ফেরাই
যাই চলে যাই-
নীল সকালে যাই চলে যাই-
একটি নদী একটি অরূণ
শিউলি শিশির পাখি-
‘আমরা মায়ার মনের জিনিস
মায়াবিনীর বেলায় শুধু জাগি’
বলছে সে কোন্ ত্রিকোণ থেকে
ছায়ার পরিভাষা।
কাউকে ভালোবেসেছিলাম, জানি,
তবুও ভালোবাসা।
সে কোন্ সুদূর মরুর মনে চলে গেছ
হায়, যাযাবর তুমি,
সেইখানে কি মিলবে বনহংসী বাঁধা বাসা!
হায় বলিভূক, কখন ভেবেছিলে
মাটি ছেড়ে দূর আকাশের নীলে
ধূসর ডানার অগ্নি ছেড়ে দিলে
মিটে যাবে মায়াময়ী মাটির পিপাসা।
অলংকরণ- আকাশ গঙ্গোপাধ্যায়
বিংশ শতাব্দীর আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রাণপুরুষ। ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্ম। বাঙালির কাছে আজও তিনি ‘রূপসী বাংলার কবি’ বা ‘নির্জনতম কবি’ হিসেবে আখ্যায়িত হন। তাঁর কবিতায় নিসর্গ প্রীতি, বিষণ্ণতা এবং আধুনিক নাগরিক জীবনের বিপন্নতা এক অনন্য রূপ পেয়েছে। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে 'বনলতা সেন', 'ধূসর পাণ্ডুলিপি', 'ঝরা পালক', 'মহাপৃথিবী'। দারিদ্র ছিল নিত্যসঙ্গী। জীবদ্দশায় কিছুটা অবহেলার শিকারও ছিলেন এই প্রতিভা।
