(Agrentina Messi Fan)











বয়স ৫৯ বছর, পেশায় চা বিক্রেতা। কিন্তু এটুকু পরিচয় দিলে তাঁর সম্পর্কে কিছুই বলা হয় না। কারণ, সারা বাংলা তাঁকে চেনে আর্জেন্টিনা এবং মেসি প্রেমিক হিসেবে। তাঁর নাম শিবশঙ্কর পাত্র। গঙ্গার তীরবর্তী ইছাপুর নবাবগঞ্জে ছোট একটি তিনতলা বাড়িতে তিনি থাকেন। সেখানেই তাঁর চায়ের স্টল। আদতে ওই এলাকার এক ল্যান্ডমার্ক— স্থানীয়রা এটিকে ‘আর্জেন্টিনা চা স্টল’ বলে ডাকে। তাঁর জীবন একরকম আর্জেন্টিনা কেন্দ্রিক; বাড়ির ভিতরে বাইরে সবকিছুই আর্জেন্টিনার রঙে সাজানো। এমনকি নাতির নামও রেখেছেন আর্জেন্টাইন কিংবদন্তি মেসির নামে— লিও দাস। বহু বছর ধরেই তাঁর স্ত্রীও তাঁর এই উন্মাদনাকে সমর্থন করছেন।
আরও পড়ুন – ফটো স্টোরি: চালকলের চালচিত্র
ছোটবেলা থেকেই শিবশঙ্করবাবুর প্রবল আর্জেন্টিনাপ্রেম। তবে, মেসির প্রতি ভালবাসা শুরু ২০০৫ সাল থেকে। তখন থেকেই প্রতি বছর মেসির জন্মদিনে কেক কাটেন। গরিব-দুঃস্থ শিশুদের জার্সি উপহার দেন। প্রতিবেশীদের এই দিন বিশেষ আমন্ত্রণ থাকে শিবশঙ্করবাবুর বাড়ি। এককথায়, নিজের সন্তানের মতোই উদযাপন করেন লিওনেলের জন্মদিন।
শিবশঙ্করবাবুর ইচ্ছে, যতদিন আর্জেন্টাইন মহাতারকা ফুটবল খেলবেন, ততদিন তিনি এই উদযাপন চালিয়ে যাবেন; তারপরেও অবশ্য নিজের মতো করে উৎসব পালন করতে চান। আর্থিক অবস্থার কারণে সবটা সবসময় মনমতো করা হয়ে ওঠে না। তবে, ২০২৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচগুলোর সময় বড় করে উদযাপনের পরিকল্পনা করছেন তিনি।