(Banedi Jagaddhatri Puja)











অফিস থেকে পুজোর ছুটি মেলেনি। তাই পুজোর দিনটাও কেটে গেল কাজের ব্যস্ততায়। তবু মনের মধ্যে একটা অপেক্ষা ছিল— কখন ছুটি হবে, কখন বেরিয়ে পড়ব কলকাতার পুরনো বনেদি বাড়িগুলোর সন্ধানে! ইচ্ছে ছিল, এ বছর কলকাতার বনেদি বাড়ির জগদ্ধাত্রী পুজোগুলো একটু অন্যভাবে দেখা, কিছু ইতিহাস জানা আর ক্যামেরায় ধরে রাখা, সময়ের সাক্ষ্য বহন করে চলা বাড়িগুলোর গল্প।
ঘড়ির কাঁটায় ছ’টা বাজতেই আর দেরি করিনি। ক্যামেরা কাঁধে নিয়ে শুরু হল ছোট্ট হেরিটেজ যাত্রা। প্রথম গন্তব্য রানি রাসমণির জানবাজারের বাড়ি। উনিশ শতকের কলকাতার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই বাড়ি শুধু এক জমিদার পরিবারের বাসভবন নয়, বাংলার সমাজ ও ধর্মীয় ইতিহাসেরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানকার জগদ্ধাত্রী পুজো দুই শতাব্দীরও বেশি পুরনো বলে প্রচলিত।
আরও পড়ুন: ফটো স্টোরি: কলকাতার ফুটবল ফিভার
সেখান থেকে মদন গোপাল দে-র বাড়ি, কলেজ স্ট্রিটের মদন গোপাল লেন। প্রায় ১৩০ বছরের এই পুজোর সূচনা হয়েছিল মদন গোপাল দে-র পাওয়া স্বপ্নাদেশে। চন্দননগরের সঙ্গে এই পরিবারের শিকড়ের যোগ রয়েছে। বৈষ্ণব রীতি, ধুনো পোড়ানোর প্রথা আর সাবেকি আচার আজও এই পুজোর বিশেষ আকর্ষণ।
এরপর একে একে দেখে নিলাম বামালয় ও নীলমণি দে ঠাকুরবাড়ির পুজো। বৌবাজারের ৪৫, হিদারাম ব্যানার্জি লেনের নীলমণি দে ঠাকুরবাড়ির পুজো প্রায় ১৩৫ বছরের পুরনো। নবমীর দিনে চার দফা পুজো এবং ধুনো পোড়ানোর ঐতিহ্য এই বাড়ির পুজোকে স্বতন্ত্র পরিচয় দিয়েছে।
এরপর কলেজ স্ট্রিট পেরিয়ে ঠনঠনিয়ার পথে। ঠনঠনিয়া দে বাড়ির পুজো শুরু হয় ১৮৯৭ সালে, গিরিশচন্দ্র দে-র হাত ধরে। ঠনঠনিয়া কালীবাড়ির কাছেই এই বাড়িতে নবমীর দিনে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে দেবী পূজিতা হন।
পাশেই দেখে নিলাম ঠনঠনিয়া নন্দী বাড়ির পুজো। পুরনো কলকাতার এই বনেদি পুজোগুলোর মধ্যেও রয়েছে নিজস্ব পারিবারিক ঐতিহ্য।
১৭৫২ সালে শুরু হওয়া এই জগদ্ধাত্রী পুজো কলকাতার অন্যতম প্রাচীন পারিবারিক পুজো। শাক্ত মতে পুজো, শিউলি ফুলের ডাঁটির মতো দেবীর মুখের রং এবং ঘোটকমুখী সিংহ— সব মিলিয়ে এই পুজোর নিজস্ব এক ঐতিহাসিক পরিচয় রয়েছে। এখানকার বর্তমান ঠাকুরদালানটিও দেড়শো বছরেরও বেশি পুরনো।
এরপর গন্তব্য চোরবাগান। চোরবাগান মৈত্র বাটি—১, মুক্তারাম বাবু সেকেন্ড লেন। প্রায় ২৫০ বছরেরও বেশি পুরনো এই পুজোর শিকড় রাজশাহীতে। পরিবারের পূর্বপুরুষেরা পরে কলকাতায় বসতি স্থাপন করেন। ১৯১৭ সালে একবার পুজো বন্ধ থাকলেও পরবর্তীকালে সেই ঐতিহ্য আবার ফিরে আসে। মা জগদ্ধাত্রীর দু’পাশে জয়া ও বিজয়ার মূর্তি এই পুজোর অন্যতম বিশেষত্ব।
এরপর ছাতুবাবু-লাটুবাবুর বাড়ি, ৬৭, বিডন স্ট্রিট। রামদুলাল দে সরকার ১৭৮০ সালে এই বাড়িতে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন। দুই শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসা এই পুজোয় কাঠের সিংহাসনে অধিষ্ঠিতা মা। তান্ত্রিক রীতিতে পুজো হলেও দেবীকে নিবেদন করা হয় নিরামিষ ভোগ।
সেখান থেকে দর্জিপাড়ার মিত্র বাড়ি। ১৯, নীলমণি মিত্র স্ট্রিটের এই বনেদি বাড়ির পারিবারিক দুর্গাপুজোর সূচনা উনিশ শতকের গোড়ায়, ১৮০৯ সালে। মিত্র পরিবারের ব্যবসায়িক ইতিহাস এবং পুরনো কলকাতার ঐতিহ্যের সঙ্গে এই বাড়ি গভীরভাবে জড়িয়ে রয়েছে।
এরপর দুর্গাচরণ মিত্রের বাড়ি। ১৭৫২ সালে শুরু হওয়া এই জগদ্ধাত্রী পুজো কলকাতার অন্যতম প্রাচীন পারিবারিক পুজো। শাক্ত মতে পুজো, শিউলি ফুলের ডাঁটির মতো দেবীর মুখের রং এবং ঘোটকমুখী সিংহ— সব মিলিয়ে এই পুজোর নিজস্ব এক ঐতিহাসিক পরিচয় রয়েছে। এখানকার বর্তমান ঠাকুরদালানটিও দেড়শো বছরেরও বেশি পুরনো।
এরপর এলাম হেমকুটির, অর্থাৎ ডাও বাড়ি নামে পরিচিত বনেদি বাড়িতে। উত্তর কলকাতার ৮/৯২, দিনু রক্ষিত লেনের এই বাড়ি ডাও পরিবারের দীর্ঘ ঐতিহ্যের সাক্ষী। পরিবারের দুর্গাপুজোর ইতিহাস প্রায় ১৭০ বছরের। পুরনো বাড়ির স্থাপত্য আর ঠাকুরদালানের পরিবেশ যেন অন্য এক সময়ে ফিরিয়ে নিয়ে যায়।
এরপর বি কে পালের বাড়ির জগদ্ধাত্রী পুজো। ৭৭, বেনিয়াটোলা স্ট্রিটের এই পুজোর সূচনা বিংশ শতাব্দীর গোড়ায়, ১৯০০ সালে। দেবীর দু’পাশে চার সখী এবং ধাতব কারুকার্যখচিত চালচিত্র এই পুজোর অন্যতম আকর্ষণ।
সবশেষে দিনের শেষ গন্তব্য শ্যাম পার্কের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো। সারাদিনের দৌড়ঝাঁপ, একের পর এক বনেদি বাড়ির অলিগলি আর ক্যামেরায় বন্দি করা অজস্র মুহূর্তের পর এখানেই শেষ হল এবারের পরিক্রমা।
সময়ের অভাবে আরও অনেক বাড়ি দেখা হয়ে ওঠেনি। কিন্তু এই কয়েক ঘণ্টার পথচলায় বারবার মনে হয়েছে, কলকাতার আসল ঐতিহ্য শুধু তার পুরনো বাড়ির দেওয়ালে নয়, বেঁচে রয়েছে মানুষের বিশ্বাসে, পারিবারিক রীতিতে আর প্রজন্মের পর প্রজন্ম ধরে আগলে রাখা এই পুজোগুলোর মধ্যে।
কিছু পুজো শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। আর পুরনো কলকাতার বনেদি বাড়ির পুজো সেই অনুভূতিরই এক অন্য নাম।
মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত