১
মায়াকাড়া চোখ তুলে
দ্যাখো রাত্রি ডাক দিল ক্লেশে
নিকোনো ত্বকের পাশে গা ঘেঁষে, আরও
গা ঘেঁষে ঘেঁষে,
থাকি।
গাছ থেকে পাতা পড়ে। শব্দ হয়।
এলোমেলো ম্যানগ্রোভ, বাদামি শালের বন —
শীতের কোলের কাছে রাত জেগে
কানায় কানায় — ওরা পূর্ণ হয়।
ভালো মন্দে পুণ্যে ও পাপে
ওরা চুমু খায়। ওরা,
যুবতী ও তাহার পুরুষ।
২
ভোর হতে আরও কিছু বাকি।
পা দুখানি গায়ের ওপরে তুলে দিয়ে
গানে গল্পে রাত যদি শেষ
আকণ্ঠ রোদন সন্তাপে,
ফেলে আসা ক্ষত — নিরুদ্দেশ
মিথ্যে নয়। আমিও ভেঙেছি রিশতা
বহুবার নানা অছিলায়
মনকেমনের হাওয়া — চড়ুইপাখির শবদেহে
দুটি কুচোফুল ঢেলে, চলো ওকে কবরে শোয়াই।
চলো,
যাবে?
৩
ঘরদোর গোছানো হয়নি ক’টা দিন।
নিত্য নামের এক মালি, ফুলবন ধরে ধরে
হেঁটে চলে গেলে
রাঢ় বাংলার ঘরে গান লেখা হয়।
তুমি গান? গানের হৃদয়?
কতদিন পরে এই সন্তাপে অঘ্রাণ সমাগত
ফুলকারি নীল খদ্দরে
পুরনো আদর ছিল, জেনে,
জেগে থাকি। চুপ করে গায়ে লেগে থাকি।
৪
ক্রমশ… ক্রমশ… লিখে
ছেড়ে দিচ্ছি দু’পাতা তিন পাতা।
মেঘ আসকারা দিচ্ছে। দোঁহে মিলি মহেন্দ্রর ছাতা।
মিল তো দেবো না জানি
অন্ত্যমিলে তুমিও অরাজি
দূরে দূরে ঘেঁষে থাকি
জলমাটিহাওয়াতারারাজি
রাজি তো সক্কলেই, শোনো,
ইদানিং চোখে জল এলে
পুরনো গানের খাতা উল্টেপাল্টে গাই আলো জ্বেলে
শ্বেতাভ শরীর দেখি,
আসলে নৈঃশব্দ্য ছুঁয়ে থাকা
আদরে মর্মরধ্বনি শষ্পমূলে ঘিরে ঘিরে রাখা
এসে হাত রেখে দ্যাখো, কপাল চুঁইয়ে আজ
রোদ নামছে হেমন্তের প্রেমে…
3 Responses
প্রেমের চড়ুইভাতি।
অবন্তিকা এ যুগের কবিদের মধ্যে উল্লেখ করার মত। অধুনা ভুঁইফোঁড় সহস্রাধিক ‘কবি’ দের ভিড়ে মাথা তোলা তালগাছ। আমার খুব পছন্দের কবি অবন্তিকা।
খুব ভালো লাগল