এড়ুক
এখানে সন্ধ্যা নেমেছিল একদিন…
অজুহাতটুকু তবু ফিরে আসে রোজ,
এখানে সকাল যদিওবা প্রতিদিন,
ফুরায় না কেন রক্ত ভোরের খোঁজ?
এখানে সমাধি এখানে স্মৃতির স্তূপ,
দোপাটি দোপাটি প্রদীপ, ভিজিয়ে মাটি,
শিউলির রঙে পিছুটান কথা বলে,
সাড়ে তিন হাত বদলে ফেলেছে রূপ…
এখানে আকাশ ফিরে আসে প্রতিদিন…
মঞ্চ সাজায় জোনাকিরা পালা করে,
সাজি ভরে সাজি পর্দা গুটোয় তারা,
হাজির হবেন রাজবেশ পরে ঋণ…
সংলাপে থাকে মেঘ পাহারার বুলি…
অভিনয় কিছু শিখিনি, কেঁপেছে আলো,
এখানে সন্ধ্যা ফিরে এলে ভুলি সব!
দোপাটি প্রদীপ শিউলি ঝরায় ভাল…
শিবির
আমি ত্রাণশিবিরে বসে ভাবছিলাম ভিটেমাটির কথা
সেটার এখন দখল নিয়েছে জল …
জল আমার ভিটে আগলে ভাবছিল সেই নদীর কথা
যেখানে তখন ঠ্যালাঠেলি খেলে জল …
নদী শুধু হা করে দেখছে আকাশের ত্রাণশিবিরটাকে
সরকারি বাঁধ ভেঙে কিউসেক ঢল …
আকাশ অসহায় দেখছিল আমার লালচোখের দিকে
যদিও সেখানে তখন ছলাৎ ছল…
ছবি সৌজন্য: Facebook