(Hirak Sen Obituary)
এপ্রিল মাস এলেই একটা ফোন কল পেতাম অনিবার্যভাবে। ফোনের ওপার থেকে ভরাট কণ্ঠে জিজ্ঞাসা করতেন, ‘কী লিখছো এবার? মেসোমশাইয়ের জন্মদিন তো এসেই গেল। তবে যা-ই লেখ না কেন! আমাকে জানিও। আমার কাছে মেসোমশাইয়ের এমন সব ছবি আছে না, লোকে একেবারে চমকে যাবে! আর তোমার যে কোনও লেখার সঙ্গে একেবারে খাপ খেয়ে যাবে।’

পত্রিকা সম্পাদককে জানাতাম। ফি-বছর বরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষ্যে ২ মে শহরে নানাবিধ অনুষ্ঠান তো হয়েই থাকে। তারই সংবাদ পরিবেশনে আমার প্রতিবেদনের সঙ্গে থেকেছে আলোকচিত্রী হীরক সেনের তোলা অসাধারণ সব ছবি। কারণ, সত্যজিৎ রায়ের জীবনের বহু দুর্লভ সময়ের সাক্ষী ছিলেন হীরক সেন। আর এই সম্পর্ক কেবল চলচ্চিত্র কেন্দ্রিক, তা কিন্তু নয়! বরং সত্যজিৎ রায় পরিবারের সঙ্গে তাঁর একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল।
আরও পড়ুন: পাণ্ডবাণী: তীজন বাই
সেই কারণেই সত্যজিৎ রায়কে তিনি ‘মেসোমশাই’ বলে সম্বোধন করতেন। তুলেছিলেন সত্যজিৎ রায়ের বিভিন্ন কাজের নানা ধরনের মুডের ছবি। তাঁর ক্যামেরার লেন্সে ধরা পড়েছে শিল্পী, নির্দেশক, লেখক বা একেবারে পারিবারিক মুডে সত্যজিতের ছবি।
হীরক সেনের জন্ম ২৬শে আগস্ট, ১৯৫৩-তে। আলোছায়ার খেলার প্রতি তাঁর টান ছিল ছোটবেলা থেকে। এই টান থেকেই ক্যামেরা হাতে তুলে নেওয়া। ‘জন অরণ্য’ ও ‘সোনার কেল্লা’ চলচ্চিত্রের শুটিং-এর সময় থেকে সত্যজিৎ রায়ের ইউনিটের সঙ্গে থেকে সিনেমার স্থিরচিত্র তোলার কাজ শুরু করেন। ছবি পছন্দ হলে রায়বাবু খুশি হতেন।

তাঁর কথায়, ‘সেটা মেসোমশাইয়ের মুখের হাসি দেখলেই আমি ঠিক বুঝতে পারতাম।’ এভাবেই ঘনিষ্ঠতা রায় পরিবারের সঙ্গে। ক্রমে ‘ঘরে বাইরে’, ‘হীরক রাজার দেশে’, ‘আগন্তুক’– এমন অনেক ছবিতে তাঁর কাজ ইতিহাস হয়ে রয়েছে। ‘সোনার কেল্লা’ ছবির ইনডোরের আলোকচিত্র তুলেছিলেন তিনি। যুক্ত ছিলেন ‘বাক্স রহস্য’, ‘ফেলুদা ৩০’ এবং ‘সত্যজিতের গল্প’-তেও।
ঘনিষ্ঠতা হয়েছিল সন্দীপ রায়ের সঙ্গেও। কাজ করেছিলেন ‘বোম্বাইয়ের বোম্বেটে’, ‘কৈলাসে কেলেঙ্কারি’, ‘টিনটোরেটোর যিশু’, ‘গোরস্থানে সাবধান’, ‘ড. মুনশির ডায়েরি’, ‘রয়্যাল বেঙ্গল রহস্য’, ‘চার’-এর মতো বিভিন্ন চলচ্চিত্রে। হাসপাতালে সত্যজিৎ রায়ের অস্কার হাতে বিখ্যাত হয়ে যাওয়া যে ছবিটি আমরা দেখি, সেটিও তাঁরই তোলা।
ফোনের ওপার থেকে তিনি বলেন, ‘উঁহু বাবা, ওটি হবে না। খালি ফাঁকিবাজি না।’ আমি কারণ জিজ্ঞাসা করতেই তিনি বলেন, ‘তোমাকে এখানে আসতে হবে। একটা ক্যালেন্ডার পাবে।’ অতঃপর ঠিকানা দিলেন। আমিও পরদিন চলে গেলাম ওঁর বাড়িতে।
সত্যজিৎ রায়ের শতবর্ষে আবার দূরভাষে তাঁর ডাক পেলাম। ‘আমার তোলা ছবি দিয়ে মেসোমশাইয়ের একটা অসাধারণ ক্যালেন্ডার করেছি। এটা নিয়ে লিখবে তো?’ আমি সম্মতি জানিয়ে বললাম, ‘আপনি সত্যজিৎ রায়কে নিয়ে কাজ করেছেন, সেটা লিখব না! আপনি ছবি আর বিবরণ পাঠিয়ে দিন।’
ফোনের ওপার থেকে তিনি বলেন, ‘উঁহু বাবা, ওটি হবে না। খালি ফাঁকিবাজি না।’ আমি কারণ জিজ্ঞাসা করতেই তিনি বলেন, ‘তোমাকে এখানে আসতে হবে। একটা ক্যালেন্ডার পাবে।’ অতঃপর ঠিকানা দিলেন। আমিও পরদিন চলে গেলাম ওঁর বাড়িতে।

বারান্দায় দাঁড়িয়ে ছিলেন আমার জন্য। নির্দেশ দিলেন, ‘ওপরে এসো।’ ড্রইংরুমে গিয়ে বসলাম। বললেন, ‘গরমে এসেছ, একটু জল খেয়ে জিরিয়ে নাও।’ সে ঘরে সত্যজিৎ ছাড়াও, যতদূর মনে পড়ছে অমিতাভ বচ্চনেরও একটা দুর্দান্ত ছবি ছিল।
ওটা দেখিয়ে বলেন, ‘দেখেছ। সারা জীবনে মেসোমশাইয়ের সুবাদে কত বিখ্যাত মানুষের ছবি যে তুলেছি।’ তারপর টেবিল ক্যালেন্ডারখানা এগিয়ে দিয়ে বলেন, ‘ভাল করে লিখো। এখান থেকে পছন্দমতো ছবি নিয়ে নিও।’ আমি বললাম, ‘একটা সই করে দিন।’ সেটি কিছুতেই করবেন না।

অনেক অনুরোধের পরে করে দিলেন। কিন্তু ব্যাগ থেকে নিজের ক্যামেরাখানা বার করতেই উনি বাধা দিলেন। বহু অনুরোধের পরে একটাও ছবি তুলতে রাজি হলেন না। ‘আমার ছবি নিয়ে কী হবে।’ হাসতে থাকেন তিনি।
শুনেছিলাম উনি অসুস্থ। বয়সকালে শরীরে রোগব্যাধি তো হয়। হয়তো তেমনই। কিন্তু পরে জেনেছি কাছের মানুষকে চিনতেও অসুবিধা হচ্ছিল তাঁর। জীবনের শেষ পর্বে বিস্মৃতির রোগ অ্যালঝাইমার্স-এ ভুগছিলেন তিনি।

যেদিন বাড়িতে গিয়েছিলাম, তখনই তিনি জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া কাজ থেকে তাঁর অনেকখানি সহায়তা হয়েছে। কিন্তু শরীর যেন আর দিচ্ছিল না। অবশেষে ১১ই নভেম্বর প্রয়াত হলেন হীরক সেন। পরিবারের সঙ্গে রেখে গেলেন সত্যজিৎ পরিকরের অজস্র স্মৃতি।
তবে তাঁর কাজগুলি কী যথাযথ মূল্যায়ন হল! আগামী দিনে সত্যজিৎ বা সন্দীপ রায়ের সিনেমা নিয়ে কিছু কাজ করতে হলে হীরক সেনের আলোকচিত্র প্রামাণ্য দলিল হিসেবে প্রয়োজন হবে। তাই তাঁর কাজগুলো সংরক্ষণ করা খুব জরুরি।

ক্যালেন্ডারের খবরটি প্রকাশের কথা জানাতেই উনি বলেছিলেন, ‘একদিন এসো। সেদিন তোমার বৌদি বাড়ি ছিলেন না। তোমাকে কিছু খাওয়াতে পারিনি। কিন্তু এই খবর প্রকাশের পর তোমাকে খাওয়াতেই হবে। এটা তোমার প্রাপ্য।’ কাজের ব্যস্ততায় ভুলে গিয়েছিলাম সেই কথা। আজ সব ব্যস্ততা সরিয়ে মনে পড়ছে হীরকদার সেই কণ্ঠ। ‘এলে না তো! তোমার খাওয়াটা বাকি রয়েছে কিন্তু।’
আপনার দু’খানা ফোন নম্বর আমার ফোনে সেভ করা আছে কিন্তু দাদা। প্রণাম জানবেন।
মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
