এই সেই জন্মদাগ স্মৃতিপথে গোলাপি মেঘ ধরে
স্মৃতিচিহ্ন গোনা সব বিস্মৃত প্রহর।
কাকে বলে ভুলে যাওয়া, মনে করে বলা যাবে
কিনা সেটা ভেবেই পেরিয়ে যাচ্ছে বোকা রঙ।
এই যে যাত্রার পথ দু’পাশে আঁকাবাঁকা,
পথ ও পাথর দূরে রাখা এক খণ্ড,
কাছে রাখা খণ্ড মেঘ যেখানে
জমে আছে ঘর বাড়ি লক্ষ পরিবার
যেখানে জমে আছে জলরঙ তুলি ও ক্যানভাস,
গ্রাম ও শহর, সাজানো পুকুর
সব ছেড়ে যদি একান্তই চলে যেতে হয়,
আছে সব আছে বলে কাছাকাছি ছায়া হয়ে থাক।
*ছবি সৌজন্য: Pinterest