Nirmalendu Chowdhury
১৯২২ সালের ২৭ জুলাই, বর্তমান বাংলাদেশের সুনামগঞ্জে জন্মেছিলেন এমন এক শিল্পী, যিনি বাংলার লোকগানকে পৌঁছে দিয়েছিলেন বিশ্বের দরবারে— নির্মলেন্দু চৌধুরী।
ছোটবেলা থেকেই লোকগানের প্রতি ছিল গভীর টান। ময়মনসিংহে আবদুল মজিদ ও আবদুল রহিমের কাছে লোকসঙ্গীতের তালিম নেন। পরে শান্তিনিকেতনে অশোকবিজয় রাহার কাছে শেখেন রবীন্দ্রসঙ্গীত। কিন্তু শেষ পর্যন্ত বাংলার মাটির গানই হয়ে ওঠে তাঁর পরিচয়।
গণনাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গ্রামে-গঞ্জে ঘুরে গান সংগ্রহ করেছেন, গেয়েছেন, আর পৌঁছে দিয়েছেন সাধারণ মানুষের কাছে। ভাটিয়ালি, ভাওয়াইয়া, ধামাইল, ঝুমুর, সারি — বাংলার নানা লোকধারা তাঁর কণ্ঠে পেয়েছিল নতুন পরিচিতি।
ভিডিও: গণসঙ্গীতের প্রহরী: শিল্পী সুরকার হেমাঙ্গ বিশ্বাস
১৯৫৫ সালে ওয়ারশ আন্তর্জাতিক লোকসংস্কৃতি উৎসবে স্বর্ণপদক অর্জন করেন। ভারতীয় সাংস্কৃতিক দলের সদস্য হিসাবে সোভিয়েত ইউনিয়ন-সহ নানা দেশে বাংলার লোকগান পরিবেশন করেন।
তাঁর গানের ভক্ত ছিলেন জওহরলাল নেহরুও, এমনকি তাঁর কাছেই কয়েকটি বাংলা লোকগান শিখেছিলেন তিনি। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ লাভ করেন পদ্মভূষণ সম্মান।
নির্মলেন্দু চৌধুরী শুধু একজন শিল্পী নন, ছিলেন বাংলার লোক ঐতিহ্যের এক স্তম্ভ। তাঁর কণ্ঠের জাদুতে বাংলার মাটির গান পেরিয়ে গিয়েছে ভাষা, দেশ আর কালের সীমানা।