বৃশ্চিক
উথাল মৈথুনকালে মনে হয়
আমি মেঘলা আকাশে একাকী তারা
ডানাহীন, বন্ধুহীন দ্বীপ।
মাংশপেশি শিথিল হয়ে আসে।
স্তনবৃন্তে লেগে থাকা লালা অবহেলা করি
যেমনটা করেছে ঢেউ নিয়ে খেলা
পৃথিবীর শেষতম জাহাজের নাবিক
কোথাও কি পৌঁছনো বাকি?
কিছু কৌতূহল এখনও দেবে কি আশ্চর্য বিস্ময়?
আকাশের মাঝে যেমনটা ফুটেছে বৃশ্চিক।
মথ
হৃদয়ের আশ্চর্য গুটিপোকায় রেশমের সুতো জড়িয়ে রেখেছ
পানাপুকুরের ক্লেদ, সবেদার ডাল বেয়ে নেমেছে বিকেল।
এই গ্রীষ্মের বিকেল
নিভে যাওয়া উনুনের তাপ, মনস্তাপ
সব ছাদের কোণে রেখে ঘরেফেরা পাখি দেখি।
ভাবি, সেই সিল্কের উড়ন্ত আঁচল, ময়ূররঙা,
কদাচিৎ আমার হাত অতিক্রম করে
যা ওড়েনি।
বরং কাশফুল বাদামি হয়েছে রোদে জ্বলে, দৃষ্টিকটু।
হৃদয়ের আশ্চর্য গুটিপোকায় রেশমের সুতো জড়িয়ে রেখেছ।
আর সেই তুঁত মথ! ডানা মেলেনি?
ডা না মেলেনি?
One Response
অপূর্ব লেখনী
পাঠে উল্লসিত ও আপ্লুত হলাম।