(Eli Cohen 24)
ইলিয়াহু বেন শল কোহেন ওরফে এলি কোহেন ওরফে কামেন আমিন থাবেতের সঙ্গে এমনিতে কুখ্যাত নাৎসি এসএস ওবেরস্ট্রানফুয়েরার অ্যাডলফ আইখম্যানের কোনওরকমের সংযোগ থাকার কথা নয়। সে অর্থে ছিলও না। কিন্তু দামাস্কাসে যখন কোহেন নিজেকে গুছিয়ে নিচ্ছেন, তখন বুয়েন্স আয়ার্সের উপকণ্ঠ থেকে পলাতক যুদ্ধ অপরাধী আইখম্যানকে ধরে এনে তার বিচার শুরু হয়েছে ইজরায়েলে।
ঠিক এই সময়ই আইখম্যানের আরেক পলাতক সহযোগী ফ্র্যাঞ্জ কার্ল রাডেম্যাসেরের খোঁজ এল কোহেনের কাছে। রাডেম্যাসেরও যুদ্ধাপরাধী এবং প্রকৃতপক্ষে আইখম্যানের সব কুকর্মের সহযোগী। জার্মানি থেকে নাম ভাঁড়িয়ে দামাস্কাসে লুকিয়ে আছে সে। তাঁরই খোঁজ পেলেন কোহেন। রাডম্যাসেরকে নির্মূল করায় সচেষ্টও হলেন। এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার দিয়ে এলি কোহনের দামাস্কাস পর্বের পর্দা উঠল।
শুরু হল এলি কোহেন চতুর্বিংশ পর্ব।
পড়ুন এলি কোহেনের আগের পর্ব – (১), (২), (৩), (৪), (৫), (৬), (৭), (৮), (৯) (১০), (১১), (১২), (১৩), (১৪), (১৫), (১৬), (১৭), (১৮), (১৯), (২০), (২১), (২২), (২৩)
‘আইখম্যান বিচারের প্রহসন ফেঁদেছে ইজরায়েল’
এলি কোহেন যখন পা রেখেছেন দামাস্কাসে, ঠিক সেই সময় দুটো ঘটনায় পশ্চিম এশিয়া তোলপাড়। ১৯৫৮ সাল থেকে মিশরের সঙ্গে গাঁটছড়া বেঁধে তিন বছর ইউনাইটেড আরব রিপাবলিক চালিয়েছিল। সেই কনফেডারেশনের পতন ঘটে ১৯৬১-র ২৮শে সেপ্টেম্বর। ওইদিন লেফটেনেন্ট কর্নেল আব্দুল করিম অল-নলওয়াহির নেতৃত্বে বাথ পার্টির সমর্থক একদল সিরীয় সেনা অফিসার বিদ্রোহ করে ক্ষমতা দখল করে।
দেশের টালমাটাল অবস্থার মধ্যেই ভোট হয়। নতুন সরকারও আসে। কিন্তু বাথ পার্টির ক্ষমতা দখল হয়নি। ফলে সেই সরকারও বাথদের ফের কোনও অভুত্থানের আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়ে। ১৯৬১-এর জানুয়ারিতে কোহেনকে নিয়ে মজিদ অল দর্দের গাড়ি যখন বেইরুট-দামাস্কাস হাইওয়ে ধরে সিরীয় রাজধানীর দিকে ছুটে চলেছে, তখন সিরিয়ার রাজনৈতিক আকাশ ঘন মেঘাচ্ছন্ন।

এই রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে বাথ পার্টির শীর্ষ নেতৃত্বের কাছাকাছি আসার নিরন্তর চেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি আরেকটা বিষয় কোহেনের নজর কাড়ল। তা হল ইজরায়েলে আইখম্যানের চলমান বিচার, আর তা ঘিরে সর্বব্যপী আরব অসন্তোষের ঘূর্ণিঝড়। ফলে কেউ না চাইলেও বিষয়টা নিয়ে মাথা ঘামাতে হবেই।
আসলে নবজাতক ইজরায়েল তখন সমগ্র আরব বিশ্বের কাছে দুসমন হয়ে দাঁড়িয়েছে। ইতিহাসের অমৃতমন্থন চলছে তখন পশ্চিম এশিয়ায়। প্রথম বিশ্বযুদ্ধের শেষে তুরস্কের অটোমান সাম্রাজ্য ভেঙে পড়েছে। এই সুযোগে দুই ঐতিহাসিক লুঠেরা ইংরেজ ও ফরাসি পশ্চিম এশিয়ার তুর্কি সাম্রাজ্য দেখভাল করার অজুহাতে নিজেদের মধ্যে ভাগ বাঁটোয়ারা করে নিয়েছে।
বিশ্বের সব প্রান্ত থেকে নির্যাতীত ইহুদিরা এসে জন্ম দিল সেই নবজাতক দেশের। কিন্তু প্রথম থেকেই নবজাতককে নিঃশেষ করার জন্য আরব পড়শিরা ঝাঁপিয়ে পড়ল।
তুর্কি সাম্রাজ্যে লেবানন আর প্যালেস্তাইন ছিল সিরিয়ার সঙ্গে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ভাগ বাঁটোয়ারার ফলে সিরিয়া আর লেবানন গেল ফ্রান্সের জিম্মায়, প্যালেস্তাইন আর জর্ডন নিল ইংরেজরা। এই অন্যায় বিভাজনে ক্ষোভে ফুঁসতে শুরু করল পশ্চিম এশিয়া। সেই ক্ষোভের আগুনে ঘৃতাহুতি দিল ১৯৪৮ সালে প্যালেস্তাইন ভূখণ্ডে ইহুদি রাষ্ট্রের জন্ম।
বিশ্বের সব প্রান্ত থেকে নির্যাতীত ইহুদিরা এসে জন্ম দিল সেই নবজাতক দেশের। কিন্তু প্রথম থেকেই নবজাতককে নিঃশেষ করার জন্য আরব পড়শিরা ঝাঁপিয়ে পড়ল। যখন কোনওভাবেই ইজরায়েলকে জব্দ করা গেল না, তখন প্রতি পদে তেল আভিভের সমালোচনা শুরু হল। সংবাদমাধ্যমও এই প্রবণতা থেকে বাদ গেল না।

এই আবহে ১৯৬১ সালের ১১ই এপ্রিল জেরুজালেমে শুরু হল আইখম্যানের বিচার। দামাস্কাসসহ পশ্চিম এশিয়ার সব কাগজই ফলাও করে শুনানির খবর ছাপা শুরু হল। শুরু হল চতুর্দিকে সমালোচনার ঝড়। রাস্তাঘাট, রেস্তরাঁ, কাফে সর্বত্র এই বিচার নিয়ে আলোচনা আর কথায় কথায় ইহুদিদের মুণ্ডপাত। কাগজ খুললেই তখন বড় বড় হেডলাইন আর সঙ্গে নানারকমের সম্পাদকীয় মন্তব্য।
যেমন দামাস্কাসের তৎকালীন অন্যতম প্রধান সংবাদপত্র ‘অন-নাসর’ শুনানি শুরুর দিনই ব্যঙ্গ করে লিখল, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের উপর নাৎসি অত্যাচারের বাহানা বানিয়ে আইখম্যানকে বিচারের প্রহসন ফেঁদেছে। নিজেরাই অধিকৃত ভূখণ্ডে বেআইনিভাবে বসে আছে। তারা আবার কোন মুখে অন্য দেশ থেকে কাউকে ধরে নিয়ে এসে বিচার করতে বসে?’
আরব কাগজগুলো সমস্বরে বলা শুরু করল, আইখম্যানকে ভিন দেশ থেকে ধরে এনে যদি ইজরায়েল বিচার করতে পারে, তবে সপার্ষদ বেন গুরিয়নকে বিচার করার অধিকার আরবদেরও রয়েছে।
সৌদি কাগজ ‘এলি’, প্রতিদিন শুনানির খবরের জন্য আলাদা পাতাই বার করতে শুরু করল। জর্ডনের জেরুজালেম টাইমস আরেক ধাপ এগিয়ে লিখল, ‘জার্মানি থেকে ইহুদিদের মতো অসুখ সারানোর জন্য কেন আইখম্যানের বিচার হবে?’ লেবানন দৈনিক ‘অল নাহার’ এক কার্টুন ছাপল, যাতে দেখা গেল খুলির স্তুপের উপরে আইখম্য্যন দাঁড়িয়ে আছে। ছবির ক্যাপসনে লেখা, ‘আইখম্যানের ভুল একটাই। সব ক’টাকে শেষ করেনি।’
আরব মিডিয়ার মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গেল ইজরায়েলের বিরুদ্ধে কে কত বেশি অপপ্রচার চালাতে পারে। আরব কাগজগুলো সমস্বরে বলা শুরু করল, আইখম্যানকে ভিন দেশ থেকে ধরে এনে যদি ইজরায়েল বিচার করতে পারে, তবে সপার্ষদ বেন গুরিয়নকে বিচার করার অধিকার আরবদেরও রয়েছে।

রেডিও আম্মান সম্প্রচার করতে শুরু করল, মোটেই লক্ষ লক্ষ ইহুদির গণহত্যা হয়নি। বড়জোর কয়েকশো প্রাণহানি হয়েছে। কায়রোর ভয়েস অফ প্যালেস্টাইন বলে বসল, আদতে আইখম্যানের জন্য ইজরায়েলের অস্তিত্ব সম্ভব হয়েছে। তাই তার বিচার না করে ইজরায়েলের তাঁকে হিরো হিসাবে পুজো করা উচিত, দেশের কোনায় কোনায় আইখম্যানের মূর্তি বসানো উচিত। আদতে হিটলার, আইখম্যান, গ্যাস চেম্বারের জুজু দেখিয়ে প্যালেস্তাইন ভূখণ্ডে সাম্রাজ্যবাদী শক্তি একের পর এক অপরাধ করে চলেছে।
তবে আইখম্যানের বিচার যত এগোতে লাগল, তত সিরীয় মিডিয়ার উল্লাস কমতে লাগল। ঐতিহাসিক জোয়ি অ্যালডোবি আর জেরল্ড ব্যালিঙ্গার ‘দ্য শ্যাটার্ড সাইলেন্স: দ্য এলি কোহেন অ্যাফেয়ার’ বইতে লিখছেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক সিরীয় আরব নেতা ও ধনকুবেররা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নাৎসিদের সাহায্য করেছে। এখন শুনানির সময় সেইসব তথ্য সামনে চলে এলে যথেষ্ট মুশকিলে পড়ার সম্ভাবনা আছে। তখন সহানুভূতির পাল্লা তেল আভিভের দিকেই চলে যেতে পারে। আশঙ্কা আরও আছে। যুদ্ধের পরে গোপনে অনেক নাৎসিই কাজ করছে আরব বিশ্বে। তাদের নামধাম জানাজানি হলে কেলেঙ্কারির একশেষ হবে।’
এই আইখম্যানের বিচারই কার্যত কোহেনকে দামাস্কাসে তাঁর প্রথম বড় কাজের দিকে ঠেলে দিল। দামাস্কাস আসার সময় জাহাজে আড্ডা দিতে দিতে মজিদ অল দর্দ নিজের অতীত জীবনের কিছুটা কোহেনকে বলেছিল।
আরেকটা একটা ভয়ও ধীরে ধীরে দামাস্কাসকে গ্রাস করছিল। কয়েক হাজার কিলোমিটার দূরের দেশ থেকে যদি মোসাদ অনায়াসে আইখম্যানকে তুলে আনতে পারে, তাহলে পড়শি দেশ থেকে কাউকে তুলে নিয়ে যাওয়া তো বাঁ হাতের খেল।
তাই সব দিক বাঁচাতে সিরীয় মিডিয়াতে ধীরে ধীরে শুনানির পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া বন্ধ হয়ে গেল।
দামাস্কাসে নাৎসি ডেরা
এই আইখম্যানের বিচারই কার্যত কোহেনকে দামাস্কাসে তাঁর প্রথম বড় কাজের দিকে ঠেলে দিল। দামাস্কাস আসার সময় জাহাজে আড্ডা দিতে দিতে মজিদ অল দর্দ নিজের অতীত জীবনের কিছুটা কোহেনকে বলেছিল। যুদ্ধের সময় নাৎসি পার্টির অনেক কেষ্টবিষ্টুর সঙ্গে তার যে কেবল নিত্যদিন ওঠাবসা ছিল তাই নয়, অনেকেরই দু’নম্বরি ধান্দার ভাগীদারও ছিল সে। যুদ্ধ শেষে যখন এই নাৎসিরা পালিয়ে বেড়াচ্ছে, তখনও তাদের সঙ্গে মজিদের যোগাযোগ ছিন্ন তো হয়ইনি, বরং নতুন পরিচয়ে পশ্চিম এশিয়ায় থাকতে তাদের সাহায্য করেছে সে।

চারিদিকে আইখম্যান নিয়ে খবরের মাঝে একথাটা মনে পড়ল কোহেনের। নির্ঘাত সিরিয়াতেও কোনও নাৎসিকে আত্মগোপনের সুযোগ করে দিয়েছে মজিদ। এখন কে সেই লোক, কোন নামে কোথায় থাকে— এসব কথা কায়দা করে মজিদের পেট থেকে বার করতে হবে। তবে মজিদ ঠিক কোন দিকে যে খেলছে, তা বোঝা ভার। এমনকি মোসাদও এ ব্যাপারে মজিদকে নিয়ে পুরোপুরি নিশ্চিত নয়। যাই হোক, যা করার, তা সাবধানে করতে হবে।
এ তো পুরোপুরি পড়ে পাওয়া চৌদ্দ আনা। একেবারে ফাইনাল সলিউশন ডিভিশনের লোক। কিন্তু মজিদের সামনে আবার অত উচ্ছ্বাস দেখানো যাবে না।
অত সাবধাতনতার অবশ্য দরকার ছিল না। এক সান্ধ্য আড্ডায় ‘কোনও জার্মান নাৎসি দামাস্কাসে লুকিয়ে রয়েছে কি না’ জিজ্ঞাসা করাতে এক গাল হেসে মজিদ বলল, ‘আলবাৎ আছে। বহাল তবিয়তে আছে। রোসেলো নাম তার। যুদ্ধের সময় ইহুদি চূড়ান্ত ভাগ্যনির্ধারণকারী ফাইনাল সলিউশন দফতরে বেশ বড়সড় পদে ছিল সে। এখন দামাস্কাসে সিরীয় পুলিশের গোপন বাহিনী সেকেন্ড ব্যুরোর উপদেষ্টার পদে রয়েছে।’
এ তো পুরোপুরি পড়ে পাওয়া চৌদ্দ আনা। একেবারে ফাইনাল সলিউশন ডিভিশনের লোক। কিন্তু মজিদের সামনে আবার অত উচ্ছ্বাস দেখানো যাবে না। তাই যথাসম্ভব নিজেকে সংযত রেখে এলি জিজ্ঞাসা করলেন, রোসেলোর সঙ্গে দেখা করা যায় কি না। এ বার কিন্তু মজিদ আর চট করে উত্তর দিল না।

একটু ভেবে জানাল, রেসোলো দুমদাম অচেনা লোকের সঙ্গে দেখা করে না। যে দেখা করতে আসছে তার সম্বন্ধে খোঁজখবর নেয়। ঠিকঠাক মনে হলে তবেই দেখা করে। তবে কামেন আমিন থাবেতের হতাশ হওয়ার কিছু নেই। মজিদ নিজে রোসেলোর সঙ্গে কথা বলবে। তারপর কামেন আমিন থাবেতকে জানাবে।
এলি মনে মনে বললেন, এটা একদিকে ভালই হল। রোসেলো আসলে কে, সেই খোঁজটা নেওয়া যাবে। পরদিন সকালের বার্তাতেই মোসাদকে রোসেলোর কথা জানালেন কোহেন। এহেন ‘ফাইনাল সলিউশনে’র কর্তার খোঁজ পেয়ে মোসাদের ভিতরে তো হুলুস্থুল পড়ে গেল। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল মোসাদের অভ্যন্তরীণ পর্যায়ে তৎপরতা।
আইখম্যানের বিরুদ্ধে যে ০৬ ব্যুরো কেস তৈরি, তাদের জানাল আতম। ০৬ ব্যুরো তখন আইখম্যানের একমাত্র জেরাকারী চিফ পুলিশ ইন্সপেক্টর আভনার ওয়ার্নার লেসকে বলা হয় বন্দি এসএস অফিসার আইখম্যানকে রোসেলোর কথা জিজ্ঞাসা করতে।
প্রথমেই খবর গেল নাৎসি অপরাধীদের তদন্তকারী ডিভিশনের কাছে। এবার তারা খবরটা দিল আইখম্যানকে জেরা করা আতম নামের পুলিশের বিশেষ তদন্তকারী দলকে। দামাস্কাসে থাকা রোসেলো নামে কোনও এসএস অফিসারকে আইখম্যান চেনে কি না, তা জিজ্ঞাসা করতে বলা হল। আইখম্যানের বিরুদ্ধে যে ০৬ ব্যুরো কেস তৈরি, তাদের জানাল আতম। ০৬ ব্যুরো তখন আইখম্যানের একমাত্র জেরাকারী চিফ পুলিশ ইন্সপেক্টর আভনার ওয়ার্নার লেসকে বলা হয় বন্দি এসএস অফিসার আইখম্যানকে রোসেলোর কথা জিজ্ঞাসা করতে। (আভনার ওয়ার্নার লেসও আইখম্যান পর্বের এক গুরুত্বপূর্ণ চরিত্র। সব মিলিয়ে আইখম্যানকে ২৭৫ ঘণ্টা জেরা করেন লেস, যা ১৯৮২ সালে আইখম্যান ইন্টারোগেটেড নামে প্রকাশিত হয়।)

কয়েকদিনের মধ্যেই লেসের জেরার উত্তর কোহেনের কাছে চলে এল। রোসেলোর আসল নাম ফ্র্যাঞ্জ কার্ল রাডেম্যাসের। পশ্চিম জার্মানির যুদ্ধাপরাধী বিচার কাউন্সিল জানায়, রাডেম্যাসের আসলে বিচারাধীন বন্দি। ১৯৫২ সালে জামিনে ছাড়া পেয়ে পালিয়ে যায়। তবে রাডেম্যাসের ঠিকুজি কুষ্ঠী সামনে এলে, তা চোখ কপালে ওঠার জোগাড়।
তথ্যসূত্র
(১) ড্যানিয়েল গর্ডিস -ইজরায়েল – আ কনসাইজ হিস্টরি অফ আ নেশন রিবর্ন
(২) জ্যাক্সন হ্যালে -এলি কোহেন- দ্য স্পাই হু নিয়ারলি বিকেম আ সিরিয়ান মিনিস্টার-
(৩) এলি কোহেন – আ লাইফ অফ এসপিওনাজ অ্যান্ড স্যাক্রিফাইস
(৪) এলি বেন – হানান- আওয়ার ম্যান ইন দামাস্কাস-এলি কোহেন
(৫) পিটার ম্যান্সফিল্ড, নিকোলাস পেলহাম -আ হিস্টরি অফ দ্য মিডল ইস্ট
(৬) মাইকেল বার – যোহার, নিসিম মিশাল-মোসাদ
(৭) জোয়ি অ্যালডোবি আর জেরল্ড ব্যালিঙ্গার – ‘দ্য শ্যাটার্ড সাইলেন্স: দ্য এলি কোহেন অ্যাফেয়ার’
মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
